ক্ষমতায় থাকতে ফিলিস্তিন রাষ্ট্র হতে দেবো না: নেতানিয়াহু

ক্ষমতায় থাকতে ফিলিস্তিন রাষ্ট্র হতে দেবো না: নেতানিয়াহু

যতদিন প্রধানমন্ত্রী পদে থাকবেন, ততদিন গাজা বা অধিকৃত পশ্চিম তীরে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলের আরব মুসলিম পার্টি ‘ইউনাইটেড আরব লিস্টের’ নেতা মানসুর আব্বাসের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। আব্বাস এর আগে বলেছিলেন, ফিলিস্তিন ইতোমধ্যেই একটি রাষ্ট্র হিসেবে বিদ্যমান এবং বিশ্বের বেশিরভাগ দেশ একে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতিও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

শনিবার আরব শহর তাইবেতে নিজ দলের সাধারণ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় আব্বাস বলেন, তার দল ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্র বিদ্যমান এবং বিশ্ব তাকে স্বীকৃতি দিয়েছে।’ একই সঙ্গে তিনি ওয়াশিংটন ও তেলআবিবকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে নেতানিয়াহু বলেন, ‘আমি যতদিন প্রধানমন্ত্রী থাকব, ততদিন ইরানের নিয়ন্ত্রণাধীন কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না—গাজায়ও নয়, জুডিয়া ও সামারিয়াতেও নয়।’ পশ্চিম তীরকে বোঝাতে তিনি বাইবেলীয় ‘জুডিয়া ও সামারিয়া’ শব্দটি ব্যবহার করেন।

নেতানিয়াহুর এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জনমত জরিপে পিছিয়ে আছে তার জোট।

বর্তমানে লিকুদ পার্টির দখলে ৩২টি আসন থাকলেও সাম্প্রতিক জরিপগুলোতে দলটির জনপ্রিয়তায় উল্লেখযোগ্য পতন দেখা গেছে। শুক্রবার প্রকাশিত একটি জরিপে লিকুদকে মাত্র ২০টি আসন পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন