পাকিস্তানের বেলুচিস্তানে পৃথক দুটি অভিযানে ২১ সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) একথা জানায়। ৩১ আগস্ট রাত থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে এসব অভিযান চালানো হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা ও কাস্টমস বিভাগের এক কর্মকর্তাসহ ছয় সদস্য নিহত হন।
আইএসপিআরের বিবৃতি অনুযায়ী, চাগাই জেলার নোকচায় ন্যাশনাল হাইওয়েতে অবৈধ চেকপোস্ট বসিয়ে চাঁদাবাজির চেষ্টা করছিল সন্ত্রাসীরা। তাদের বিরুদ্ধে অভিযানে ১১ জন নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, পিশিন জেলার জিয়ারাত ক্রসে কাস্টমস হাউসে হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। এতে ১০ সন্ত্রাসী নিহত হয়।
আইএসপিআর বলেছে, কাস্টমস কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালু রাখার উদ্দেশ্যেই হামলাটি করা হয়েছিল। অবশিষ্ট সন্ত্রাসীদের ধরতে এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: জিও নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


