একযুগ পর নতুন কমিটি

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল
ছবি: আমার দেশ

এক যুগ পর পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ওমর ফারুক মানিককে সভাপতি এবং ফাতিন ইশরাক মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ত্যাগী ছাত্রদল নেতাদের বাদ দিয়ে কমিটি করায় রাতেই বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত ছাত্রদল নেতারা ।

রোববার রাতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে ওমর ফারুককে এবং সহসভাপতি করা হয়েছে জাকির হোসেন নাইমকে। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তারেক রহমান এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ফারহান ইকবাল সাদকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। এ জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

পদবঞ্চিত ছাত্রদল নেতারা বলেন, ‘দীর্ঘদিন ছাত্রদলের কমিটি হয় না ভিক্টোরিয়া কলেজে । কিন্তু কেন্দ্রীয় কর্মসূচি আমরা বাস্তবায়ন করেছি । রোববার রাতে কমিটি গঠন করা হয়েছে, ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে । সর্বশেষ ২০১৪ সালে কমিটি গঠন করা হয়েছিল । কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকেই ছাত্রদলের নেতৃত্ব তৈরি হয়, কিন্তু আজকে ত্যাগীদের বাদ দেওয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে ।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ধীমান বলেন, ‘সুদীর্ঘ ১২ বছর পর অবশেষে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষিত হলো। এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলেও কমিটি গঠন নিয়ে কিছু গভীর হতাশা ও প্রশ্ন রয়ে গেছে।

বিগত বছরগুলোতে ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের ব্যানারে এমন কোনো কর্মসূচি ছিল না, যেখানে মাইন উদ্দিন, তানভীর, সাকিব, নোমানদের সুযোগ্য নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণ ছিল না। সংগঠনের চরম দুঃসময় ও দুর্দিনে তারা ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে রাজপথে বুক চিতিয়ে লড়াই করেছেন, প্রতিটি কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছেন।দুর্ভাগ্যজনকভাবে, এই ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের নেতৃত্ব থেকে বঞ্চিত করার জন্য কখনো বয়সের অজুহাত, কখনো জেলা ও মহানগরের নানা ইস্যু সামনে নিয়ে আসা হয়েছে। এটি সংগঠনের জন্য অত্যন্ত বেদনাদায়ক।’

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদল নেতা মাইন উদ্দিন বলেন, ‘স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে প্রতিটি আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম । আজকে কমিটি গঠন করা হয়েছে, কিন্তু আমাদের নাম নেই । অতি শীঘ্রই ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করার দাবি করছি ।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন