ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের শরৎকালীন সেমিস্টারের নবীন বরণ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ইউজিসি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে দেখছে না। গবেষণা, উচ্চশিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অর্থায়নের ক্ষেত্রে ইউজিসি শুধু ‘মেরিট’ বা যোগ্যতাকেই প্রাধান্য দিচ্ছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান বলেন, সরকার ইতোমধ্যে ভ্যাট ৫ শতাংশ কমিয়েছে। আরও ৫ শতাংশ কমানোর জন্য ইউজিসি চেষ্টা করছে বলেও জানান তিনি।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০ বছরের পথচলায় বিভিন্ন সাফল্যের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান অধ্যাপক ড. মামুন আহমেদ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বিভিন্ন ক্লাবে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ৩০ বছর আগে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মেধাবী সন্তানদের মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার স্বপ্ন নিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। সেই স্বপ্নের অনেকটাই বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উদ্বৃত্ত অর্থ বিভিন্ন ধরনের বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের পেছনে ব্যয় করা হয়। এর ফলে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান বলেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় একই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন এবং সময়ের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেয়। এ কারণে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন।

অনুষ্ঠানে বিজনেস অ্যান্ড ইকোনমিক্স অনুষদের ডিন অধ্যাপক ড. অনুপ চৌধুরী বক্তব্য দেন। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকেও একজন শিক্ষার্থী বক্তব্য রাখেন।

আলোচনা পর্ব শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্লাব ফর পারফর্মিং আর্টস (ইসিপিএ) এবং দেশের খ্যাতনামা নজরুলসংগীত শিল্পী খাইরুল আনাম শাকিল সংগীত পরিবেশন করেন।

নজরুলের গান ও সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। নবীন শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন