রমজান মাস শুরুর আগেই আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর হঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, সীমান্তের ওপার থেকে হামলা ও পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হলে অভিযান চালানো হবে।
বুধবার সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে তিনি বলেন, আফগান তালেবান সরকারের সঙ্গে তাদের আলোচনা চলমান আছে। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানে হামলা কমেনি। কবে অভিযান চালানো হবে, তা নির্দিষ্ট করে না বললেও রমজান শুরু আগেই শুরু হতে পারে বলে জানান তিনি। প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তানকে শিগগিরই পদক্ষেপ নিতে হবে, কারণ নিরাপত্তা হুমকি মোকাবিলায় বিলম্ব কারায় তাদের ব্যাপক মূল্য দিতে হচ্ছে।
পাকিস্তানের অভিযোগ আফগানিস্তান সীমান্তের ওপারে নিজেদের কার্যক্রম চালায় নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালেবানসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী। তারা পাকিস্তানে প্রবেশ করে পাকিস্তানি নিরাপত্তাবাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলা চালায়।
গত কয়েক মাস ধরে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হামলার পরিমাণ বেড়ে গেছে। যা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে।
এরমধ্যে গত শুক্রবার রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে জুমার নামাজ চলার সময় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়। এতে ৩১ জন নিহত ও ১৬০ জনের বেশি মানুষ আহত হন। জানা যায়, হামলাকারী প্রথমে নিরাপত্তাবাহিনীর দিকে গুলি ছোড়ে। এরপর মসজিদে প্রবেশ করে বোমার বিস্ফোরণ ঘটায়।
এরপর খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে একাধিক হামলার ঘটনা ঘটে।
খাজা আসিফ বলেছেন, যদি আফগান কর্তৃপক্ষ সশস্ত্র গোষ্ঠীকে আটকানোর কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এর দায় তাদের ওপর পড়বে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ভোট গ্রহণের খবর