লা লিগায় কাতালানদের শুভসূচনা

বার্সার গোল উৎসবের রাতে রাফিনহার রেকর্ড

বার্সার গোল উৎসবের রাতে রাফিনহার রেকর্ড

স্প্যানিশ ফুটবলে নিজেদের অধিপত্য ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। টানা তৃতীয় লা লিগা শিরোপা অভিযানের শুরুতেই দারুণ এক পারফরম্যান্স উপহার দিয়েছে হান্সি ফ্লিকের দল। মৌসুমের প্রথম ম্যাচেই এলচেকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। অলরাউন্ড নৈপুণ্যে এই স্মরণীয় রাতের প্রধান নায়ক ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। তিনি নিজে চমৎকার জোড়া গোল করার সঙ্গে সতীর্থকে দিয়েও করিয়েছেন একটি গোল। সেই সঙ্গে পেনাল্টি শটে স্প্যানিশ ফুটবলে গড়েছেন শতভাগ সাফল্যের অনন্য রেকর্ড।

বিজ্ঞাপন

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই অত্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষ এলচেকে চাপে রাখে বার্সেলোনা। খেলা গড়ানোর ঠিক ১৪ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে কাঙ্ক্ষিত প্রথম গোলের দেখা পায় স্বাগতিক দল। সতীর্থ ফেরমিন লোপেজের নিখুঁত থ্রু-বল ধরে প্রতিপক্ষের বক্সে ঢোকার সময় রাফিনহাকে ফাউল করেছিলেন এলচের ভিক্তর চুস্ত। রেফারির বাঁশিতে মেলে পেনাল্টির সিদ্ধান্ত। স্পট-কিক থেকে চমৎকার ঠান্ডা মাথার ফিনিশিংয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন রাফিনহা। বার্সেলোনার জার্সিতে নেওয়া ৯টি পেনাল্টির ৯টিতেই গোল করার নজির গড়লেন তিনি। ২০২২-২৩ মৌসুমে ক্লাবে যোগ দেওয়ার পর স্প্যানিশ ফুটবলের আর কোনো খেলোয়াড় সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পেনাল্টি থেকে তার চেয়ে বেশি গোল করতে পারেননি।

প্রথমার্ধের যোগ করা সময়ে পুনরায় মাঠে নিজের প্রভাব বিস্তার করেন রাফিনহা। তার বাড়ানো পাস থেকে লা লিগা অভিষেকেই নিজের প্রথম গোলটি করেন করিম আদেয়েমি। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে স্বস্তির সঙ্গে বিরতিতে যায় হান্সি ফ্লিকের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় বার্সেলোনা। ম্যাচের ৬৭ মিনিটে রাফিনহা নিজে দ্বিতীয় গোল করেন। এই গোলের জোগানদাতা ছিলেন নতুন সাইনিং অ্যান্থনি গর্ডন। ইংলিশ উইঙ্গার গর্ডনের লা লিগা অভিষেকও হয় স্মরণীয়; বদলি নেমে চার মিনিটের মাথায় দুটি অ্যাসিস্ট পান। ৭১ মিনিটে গর্ডনের দ্বিতীয় পাস থেকে ফেরমিন লোপেজ বার্সার চতুর্থ গোলটি করেন। ম্যাচের শেষ দিকে ফেরমিন নিজের দ্বিতীয় ও দলের পক্ষে পঞ্চম গোলটি করলে ৫-০ ব্যবধানের সহজ জয় নিশ্চিত হয়। এলচে খুব একটা সুবিধা করতে পারেনি, বুয়োনানোত্তের একটি শট পোস্টে লেগে প্রতিহত হয়।

বিশাল এই জয়ের মাঝে বার্সেলোনার একমাত্র অস্বস্তির কারণ ছিল গাভির চোট। প্রথমার্ধের শেষ দিকে ডান হাঁটুর সমস্যায় মাঠ ছাড়েন তিনি, বদলি হিসেবে মাঠে নামেন পেদ্রি। গাভির চোটের মাত্রা জানতে আরও মেডিকেল পরীক্ষার প্রয়োজন বলে জানিয়েছেন কোচ ফ্লিক। অন্যদিকে নতুন সাইনিং রদ্রি এই ম্যাচের স্কোয়াডে না থাকলেও দুর্দান্ত জয় নিয়েই লা লিগা অভিযান শুরু করল বার্সেলোনা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন