রাশিয়ার সংসদীয় নির্বাচন ভোট গ্রহণের দ্বিতীয় দিনে দেশটির দূরবর্তী ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মস্কো। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার রুশ কর্তৃপক্ষ জানায়, রাতভর এই সাইবার হামলা চালানো হয়। তবে সব হামলা প্রতিহত করা হয়েছে এবং মস্কোর দূরবর্তী ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা স্বাভাবিকভাবেই সচল রয়েছে।
রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান এলা পামফিলোভা বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা রাত মস্কোর ভোটিং ব্যবস্থার ওপর শক্তিশালী ও অব্যাহত হামলা চলেছে। হামলাটি এখনো অব্যাহত রয়েছে এবং এর পরিসর ও তীব্রতা অনেক বেশি।
তিনি বলেন, ভোটিং ব্যবস্থার নিরাপত্তাব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ভোটগ্রহণের পুরো সময় নিরবচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়।
শুক্রবার রাশিয়ায় সংসদীয় নির্বাচনের পাশাপাশি আঞ্চলিক ও স্থানীয় নির্বাচনও শুরু হয়েছে। এবারের নির্বাচনে ১১ কোটি ১০ লাখের বেশি ভোটার ভোট দেওয়ার যোগ্য।
নির্বাচনে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার ৪৫০টি আসনের জন্য ভোট হচ্ছে। এর মধ্যে ২২৫টি আসনে দলীয় তালিকার ভিত্তিতে এবং বাকি ২২৫টি একক আসনভিত্তিক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবেন।
এ ছাড়া বিভিন্ন স্থানীয় নির্বাচনের পাশাপাশি গভর্নর ও আঞ্চলিক আইনসভা নির্বাচনেও ভোট দিচ্ছেন রুশ নাগরিকরা।
সংসদীয় নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়াসহ মোট ১১টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে বর্তমান নিম্নকক্ষে প্রতিনিধিত্বকারী চারটি দলও রয়েছে। তিন দিনব্যাপী এই ভোটগ্রহণ রোববার শেষ হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


