রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে গর্ব প্রকাশ করেছেন দেশটির নেতা কিম জং উন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লেখা এক চিঠিতে তিনি দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, কিম জং উন বলেছেন, পুতিনের সঙ্গে যৌথভাবে উত্তর কোরিয়া-রাশিয়া সম্পর্ক এগিয়ে নিতে পারাকে তিনি সব সময় গর্বের বিষয় বলে মনে করেন। একই সঙ্গে তিনি পুতিনের নেতৃত্বে রাশিয়া আরো সমৃদ্ধ হবে এবং নিজেদের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে বলে আশা প্রকাশ করেন।
গত ১৪ আগস্ট কোরীয় উপদ্বীপ জাপানি ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির স্মরণে কিমকে একটি চিঠি পাঠান পুতিন। এতে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এখন ‘সর্বকালের সর্বোচ্চ পর্যায়ের সমন্বিত কৌশলগত অংশীদারত্বে’ পৌঁছেছে। নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে সহযোগিতা করছে বলেও জানান তিনি।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। উত্তর কোরিয়া রাশিয়াকে সামরিক সহায়তা দিয়েছে এবং এর বিনিময়ে অর্থনৈতিক সুবিধা ও সামরিক প্রযুক্তি পেয়েছে।
চিঠি বিনিময়ের এই ঘটনা এমন সময়ে ঘটল, যখন ইউক্রেন সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছে। কিয়েভ আরও দাবি করেছে, ভবিষ্যতে বিপুলসংখ্যক উত্তর কোরীয় সেনা রাশিয়ায় মোতায়েন হতে পারে, যদিও এ দাবির পক্ষে কোনো প্রমাণ বা সময়সীমা প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে গড়ে ওঠা ঘনিষ্ঠ সামরিক ও কৌশলগত সম্পর্ক এখন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


