পূরণ হলো আবদার

প্রতিবন্ধী দাদির জন্য ইউএনওর কাছে গাড়ি চাইল তুলি

প্রতিবন্ধী দাদির জন্য ইউএনওর কাছে গাড়ি চাইল তুলি
ছবি: আমার দেশ

নরসিংদীর রায়পুরা পৌরসভার হরিপুর এলাকার এক অসহায় শিশু তুলি পালের দাদির জন্য হুইলচেয়ারের আবদার পূরণ করেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। পাশাপাশি তুলি ও তার ভাই কৃষ্ণর জন্য নতুন জামাও দিলেন ইউএনও।

খবর নিয়ে জানা যায়, তুলির ঘরে মা নেই, বাবাও দীর্ঘদিন ধরে বিছানায় অসুস্থ। তুলি আর তার একমাত্র ছোট ভাই কৃষ্ণকে নিয়েই চলে দাদির সংসার। দাদি হাঁটতে পারে না, প্রতিবন্ধী ব্যক্তি হওয়ায় তুলি ও কৃষ্ণকে সঙ্গে নিয়ে মানুষের কাছ থেকে সাহায্য তোলেন। এই নিয়ে চার সদস্যের পরিবার চলে খেয়ে না খেয়ে। সেই দাদির জন্য ইউএনওর কাছে একখান গাড়ি চাইল তুলি।

বিজ্ঞাপন

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, সোমবার দুপুরে অফিস করার সময় হঠাৎ দরজায় চোখ পড়তেই দেখি খালি গায়ে শুধু হাফপ্যান্ট পরা ছোট একটি মেয়েশিশু। ডাক দিয়ে কাছে এনে অফিসে আসার কারণ জানতে চাইলে প্রথমেই মুখ থেকে বেরিয়ে এলো—স্যার আমার দাদিরে একটা গাড়ি দেন। এ সময় তার সঙ্গে কথা বলে পরিবারের সব খোঁজ-খবর নেন ইউএনও মাসুদ রানা। সঙ্গে তার ভাই কৃষ্ণও ছিল। এ সময় তার সব কথা শুনে তার দাদির জন্য একটা হুইল চেয়ার, তুলি ও কৃষ্ণর জন্য নতুন জামা উপহার দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।

নতুন জামা গায়ে দিয়ে তুলি পাল, কৃষ্ণ ও তাদের দাদির জন্য হুইলচেয়ার পেয়ে আনন্দে আত্মহারা। মুখে হাসির ঝিলিক। এই মায়াভরা হাসি যেন স্বর্গের সৌন্দর্যে রূপ নিয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভাড়া করা রিকশা দিয়ে পরিষদের এক কর্মচারীকে সঙ্গে দিয়ে তুলি, কৃষ্ণ ও হুইলচেয়ারটি তাদের বাড়িতে পৌঁছে দেন।

তুলির সেই নির্মল হাসি উপস্থিত সবার মন ছুঁয়ে যায়। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ইউএনও মো. মাসুদ রানার এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন