রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

রাজবাড়ীর গান্ধীমারায় বিকল হওয়া ট্রাকের চাকা মেরামতের সময় পেছন থেকে অপর একটি ট্রাকের ধাক্কায় মো.নজরুল ইসলাম (২৮) নামের এক চালক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধীমারী পাইকারামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নজরুল ইসলাম বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে।

নিহতের সহকারীর (হেলপার) ভাষ্যমতে, খুলনা মেট্রো-ট-১১-২২১৬ নম্বরের তুলাগাছবোঝাই ট্রাকটি বরিশালের গৌরনদী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাইকারামোড় এলাকায় পৌঁছালে ট্রাকটির একটি চাকা পাংচার হয়ে যায়। চালক রাস্তার পাশে ট্রাকটি থামিয়ে চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক সজোরে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে নজরুল ইসলাম ট্রাকের সামনের চাকার এক্সেলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ও রেকার ব্যবহার করে তার লাশ উদ্ধার করেন। কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গান্ধীমারা (পাংশা) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় রেকার ব্যবহার করে চালককে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরো জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...