এবারের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখা। মঙ্গলবার সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আমরা একটি কল্যাণমুখী, ন্যায়ভিত্তিক ও ইনসাফের বাংলাদেশ গড়ে তুলব। তোমরা যারা এ+ পেয়েছো, তোমরা যারা মেধাবী, সাহসী ও স্বপ্নবান, তোমরাই আমাদের সঙ্গে থাকবে। তোমাদের মেধা, তারুণ্য ও উদ্যমকে কাজে লাগিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব।
তিনি বলেন, আমি যে পরিস্থিতিতেই থাকি না কেন, যে টিকে থাকার লড়াইয়ে অবতীর্ণ হয়েছি, তা আমাকে শেষ গন্তব্য পর্যন্ত যেতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সফলতার জন্য অধ্যবসায় দরকার। এটা ছাড়া টিকে থাকা যায় না। অন্ততপক্ষে দুটি বছর সর্বোচ্চ চেষ্টা ও অধ্যবসায় চালিয়ে যাওয়া উচিত। আর কারও ভালো অবস্থান যেন আমাদের হতাশ না করে।
শিক্ষার্থীদের সাফল্যের পাশাপাশি নৈতিকতা ও মানবিকতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মানুষের চেষ্টা ও সাফল্যের মূল্য শুধু পৃথিবীতেই নয়, আখিরাতেও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন মানুষের পরিশ্রম, সততা ও নেক আমলের যথাযথ প্রতিদান দেবেন। তাই শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও যোগ্যতাকে মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম বলেন,সাফল্য যেন কখনো তোমাদের অহংকারী না করে। যত বড় হবে, তত বেশি বিনয়ী হবে। বাবা-মা, শিক্ষক ও সমাজের প্রতি দায়িত্ব ভুলে যাবে না।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, ছাত্রশিবির প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ ক্ষেত্রে সর্বোচ্চ দক্ষ ও যোগ্য হয়ে ওঠার জন্য উৎসাহিত করে। এ লক্ষ্যেই ছাত্রশিবির তার নিজস্ব সিলেবাস, প্রোগ্রাম ও প্রশিক্ষণ কার্যক্রম সাজিয়েছে।
ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাইফুল ইসলাম সায়েমের সভাপতিত্বে ও শাখা বাইতুলমাল সম্পাদক মীর সাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম খান মিলন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


