ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডাড়ি ঘেষে আগে যেখানে কালি ধুলোয় মলিন ভাঙাচোরা গাড়ি পরে থাকত, পার্কিং করা থাকতো বিভিন্ন যানবাহন, স্কুলে আসা যাওয়ার সময় শিক্ষার্থীরা পড়তো বিড়ম্বনায়, ঘটত বিভিন্ন সময়ে দুর্ঘটনা।
দীর্ঘদিন যাবৎ এই অব্যবস্থাপনার কারণে গত ১১ জুলাই আমার দেশে সংবাদ প্রকাশিত হয় ‘সদরপুরে স্কুলের বাউন্ডাড়িতে অবৈধ গাড়ি পার্কিং’।
এর পরেই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট দপ্তর। উপজেলা প্রশাসন অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে নোটিশ জারি করলে মুহূর্তেই উচ্ছেদ হয়ে যায় অবৈধ পার্কিং। স্কুলের শিক্ষার পরিবেশ আরো পরিচ্ছন্ন করতে উদ্যোগ নেয় স্কুলের ম্যানেজিং কমিটি ও যুব সংগঠন ‘বাবুরচর তেরেনাম’ স্থানীয় অভিভাবকসহ শিক্ষানুরাগী সচেতন মহল। তাদের প্রচেষ্টায় স্কুলের দেওয়ালের চারপাশ পরিষ্কার করে দেওয়ালে নতুন রং করা হয়। বাউন্ডাড়ির পাশের জায়গা শোভাবর্ধনের জন্য অবৈধ পার্কিংয়ের স্থানে লাগানো হয় বিভিন্ন জাতের ফুলের গাছ। গাছ সুরক্ষার জন্য দেওয়া হয় বেড়া। তাদের এই উদ্যোগে পাল্টে গেছে স্কুলের বাউন্ডারির চারপাশ।
শিক্ষার্থীরা জানান, আগে বাউন্ডাড়ির পাশে গাড়ি পরে থাকত, ময়লা আবর্জনা জমে থাকত, মাঝে মাঝে দুর্ঘটনা ঘটত এখন সেই চিত্র পাল্টে গেছে। ফুল গাছ লাগানো হয়েছে। দেখতে বেশ সুন্দর লাগছে।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সিরাজুল ইসলাম হাওলাদার বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর অবৈধ পার্কিং উচ্ছেদ করার চেষ্টা করি। আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তর, শিক্ষক, অভিভাবক ও এলাকার যুব সমাজ পদক্ষেপ গ্রহণ করে । সবার উদ্যোগে স্কুল বাউন্ডারির চারপাশ পরিচ্ছন্ন করে শোভাবর্ধনের জন্য বিভিন্ন জাতের ফুলের গাছ লাগানো হয়েছে। এতে শিক্ষার পরিবেশ পাল্টে গেছে। স্কুলের স্বার্থে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষার মানউন্নয়নে সকলের সহযোগিতা তিনি কামনা করেন।
স্কুলের প্রধান শিক্ষক জাহাংগীর হোসেন বলেন, আগে যেখানে গাড়ি পরে থাকত এখন সেখানে ফুলের গাছ শোভা পাচ্ছে।শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের স্বার্থে সবাইকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা উচিত।
স্থানীয়দের মতে, সংবাদ প্রকাশের পর প্রশাসনের উদ্যোগ এবং বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় যুব সমাজের সম্মিলিত প্রচেষ্টায় শুধু অবৈধ পার্কিং উচ্ছেদই হয়নি, বরং বিদ্যালয়ের বাউন্ডারির পাশের জায়গাটি এখন শিক্ষার্থীদের জন্য একটি পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে পরিণত হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

