মুহিত্তিন আতামানের বিশ্লেষণ

কপ সম্মেলন ঘিরে বিশ্বরাজনীতিতে প্রভাব বাড়ানোর চেষ্টা তুরস্কের

কপ সম্মেলন ঘিরে বিশ্বরাজনীতিতে প্রভাব বাড়ানোর চেষ্টা তুরস্কের
তুরস্কের আনতালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। ছবি-সংগৃহীত

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভূমিকা আরো জোরালো করতে চাইছে তুরস্ক। দেশটির লক্ষ্য, কেবল নতুন নতুন প্রতিশ্রুতি আদায় নয়, বরং আগের জলবায়ু সম্মেলনগুলোতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে বিশ্বনেতাদের কার্যকর পদক্ষেপে উৎসাহিত করা। একই সঙ্গে জলবায়ু দায়বদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষার বিষয়গুলোকে বৈশ্বিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসতে চায় আঙ্কারা।

তুরস্কের আনতালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, জলবায়ু বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

এবারের সম্মেলনকে ঘিরে তুরস্ক শুধু আয়োজক দেশের ভূমিকা পালন করছে না; বরং আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের অবস্থান ও প্রভাব বাড়ানোর একটি সুযোগ হিসেবেও দেখছে। কপ৩১-এর সভাপতিত্বের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু আলোচনায় কার্যকর ভূমিকা রাখতে চায় আঙ্কারা।

সম্মেলনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ১৯৬টি সদস্যদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন অংশ নিয়েছে। ৯৫টি দেশের ১০২ জন রাষ্ট্রনেতা ও জ্যেষ্ঠ প্রতিনিধি এবং সাতটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এতে যোগ দিয়েছেন।

জলবায়ু অর্থায়ন, ন্যায়সংগত জ্বালানি রূপান্তর, জলবায়ু অভিযোজন, কার্বন নিঃসরণ কমানো, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখা, জলবায়ু সহনশীল নগর গড়ে তোলা, পরিচ্ছন্ন জ্বালানি ও টেকসই পরিবহন ব্যবস্থার প্রসার এবারের সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। পাশাপাশি নতুন প্রযুক্তি, বর্জ্যহীন ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব শিল্পের বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

‘বাস্তবায়নের সম্মেলন’ হিসেবে কপ৩১

তুরস্ক এবারের সম্মেলনকে ‘ইমপ্লিমেন্টেশন কপ’ বা বাস্তবায়নের সম্মেলন হিসেবে তুলে ধরছে। দেশটির লক্ষ্য, আগের জলবায়ু সম্মেলনগুলোতে নেওয়া সিদ্ধান্ত ও প্রতিশ্রুতিগুলো বাস্তবে কার্যকর করা। নতুন প্রতিশ্রুতির চেয়ে বিদ্যমান লক্ষ্য পূরণে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিচ্ছে আঙ্কারা।

অংশগ্রহণের দিক থেকেও এবারের সম্মেলন আগের আয়োজনগুলোকে ছাড়িয়ে গেছে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। প্রথম সপ্তাহেই উচ্চপর্যায়ের প্রতিনিধি ও আনুষ্ঠানিক আলোচনার জন্য নির্ধারিত ব্লু জোনে নিবন্ধিত অংশগ্রহণকারীর সংখ্যা ১ লাখ ২ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে, নাগরিক সমাজ, ব্যবসাপ্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের জন্য রাখা গ্রিন জোনে ২ লাখ ১২ হাজারের বেশি মানুষ প্রবেশ করেছেন। ফলে অংশগ্রহণকারীর সংখ্যার বিচারে কপ৩১ নতুন রেকর্ড গড়তে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষক।

গাজায় পরিবেশ ধ্বংসের বিষয়টি সামনে আনলেন এরদোয়ান

সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান জলবায়ু ও পরিবেশগত সংকটের পাশাপাশি গাজার পরিস্থিতিও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরেছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সঙ্গে নিয়ে তিনি একটি প্রতীকী জলপাইগাছ রোপণ করেন। এর মাধ্যমে গাজায় পরিবেশ ধ্বংস এবং বিশ্বশান্তির গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তিনি।

বিশ্লেষণে বলা হয়েছে, ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের প্রতিবেদনের বরাত দিয়ে গাজায় জলপাইগাছের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেছেন এরদোয়ান। ২০২৩ সালে গাজায় জলপাইগাছের সংখ্যা ২০ লাখের বেশি থাকলেও ২০২৬ সালে তা কমে প্রায় দেড় লাখে নেমে এসেছে।

সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে এরদোয়ান একাধিক দ্বিপক্ষীয় বৈঠকও করেছেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় আলোচনায় এসেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরাইল-ইরান যুদ্ধ, ফিলিস্তিনে চলমান হত্যাযজ্ঞ, আফ্রিকার শৃঙ্গ অঞ্চলে সংঘাতের বিস্তার এবং বলকান ও ককেশাস অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন তিনি।

বর্জ্যহীন ব্যবস্থাপনায় তুরস্কের আন্তর্জাতিক উদ্যোগ

জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় তুরস্কের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো ‘জিরো ওয়েস্ট’ বা বর্জ্যহীন আন্দোলন। ২০১৭ সালে দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়। পরে বিষয়টি জাতিসংঘের গুরুত্বপূর্ণ আলোচ্যসূচিতে স্থান পায়। তুরস্কের উদ্যোগে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩০ মার্চকে আন্তর্জাতিক বর্জ্যহীন দিবস হিসেবে ঘোষণা করে।

এই উদ্যোগের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বৈশ্বিক পরিবেশনীতি নির্ধারণে তুরস্কের প্রভাব বিস্তারের সক্ষমতা স্পষ্ট হয়েছে। দেশটি কেবল নিজস্ব ও আঞ্চলিক স্বার্থ নিয়ে কাজ করছে না, বরং বৈশ্বিক সমস্যাগুলোতেও ভূমিকা রাখতে চাইছে।

তবে জলবায়ু সম্মেলনে বিশ্বের অধিকাংশ দেশ গুরুত্ব দিলেও সবচেয়ে বেশি পরিবেশদূষণকারী দেশগুলোর কাছ থেকে প্রত্যাশিত সাড়া পাওয়া যাচ্ছে না বলে বিশ্লেষণে সমালোচনা করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের দেশগুলো—যারা জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগের সঙ্গে যুক্ত—এবারের আয়োজনকে যথেষ্ট গুরুত্ব দেয়নি বলে লেখকের পর্যবেক্ষণ।

আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা, যুদ্ধ ও সামরিক সংঘাত এখন বড় শক্তিগুলোর প্রধান মনোযোগের জায়গা হয়ে উঠেছে। ফলে জলবায়ু পরিবর্তন তাদের অগ্রাধিকারের তালিকায় পিছিয়ে পড়ছে। অথচ মধ্য ও দীর্ঘ মেয়াদে জলবায়ু পরিবর্তন সব দেশের জন্যই অন্যতম বড় নিরাপত্তাঝুঁকি হয়ে উঠতে পারে।

পরিবেশগত সমস্যার জন্য সবচেয়ে বেশি দায়ী বৈশ্বিক শক্তিগুলো অনেক সময় নিজেদের দায়িত্ব অন্যদের ওপর চাপিয়ে দেয়। বিশেষ করে গ্লোবাল সাউথের দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেও নিজেদের দায় ও আর্থিক দায়িত্ব যথাযথভাবে পালনে তাদের অনীহা রয়েছে।

সূত্র: ডেইলি সাবাহ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...