রংপুরের পীরগাছায় রফিকুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, দোয়া মাহফিল ও ষান্মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দেউতি এলাকার রফিকুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এসব কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পড়াশোনা, নিয়ম-শৃঙ্খলা, উপস্থিতি ও সার্বিক উন্নয়ন নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, বাসায় পড়াশোনার পরিবেশ তৈরি করা এবং সন্তানদের লেখাপড়ার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফল ও সুন্দর ভবিষ্যৎ গঠনে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফলের দিকে না তাকিয়ে তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


