জনতা ব্যাংক পিএলসির ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২৫ সালের ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক অবস্থান ও বিভিন্ন অর্জন তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, ২০২৫ সালের ডিসেম্বর শেষে জনতা ব্যাংক পিএলসির মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৫৫০ কোটি টাকা। এক বছরে ব্যাংকটির নতুন গ্রাহকসংখ্যা বেড়েছে প্রায় ১০ লাখ।
এ সময়ে ব্যাংকের ঋণ ও অগ্রিমের পরিমাণও বেড়েছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ১১৯ কোটি টাকা। স্বল্পমেয়াদি ও কম ঝুঁকিপূর্ণ খাতের পাশাপাশি কৃষি, সিএমএসএমই এবং সরকারের অগ্রাধিকার খাতে ঋণ বিতরণ অব্যাহত রয়েছে বলে সভায় জানানো হয়।
সভায় আরও জানানো হয়, আমদানি, রপ্তানি ও বৈদেশিক রেমিট্যান্সের লক্ষ্যমাত্রার বিপরীতে ব্যাংকটির অর্জন যথাক্রমে প্রায় ১১৪ শতাংশ, ৮৮ শতাংশ ও ১০৪ শতাংশ। গত বছর শ্রেণীকৃত ঋণ থেকে ৬১৪ কোটি টাকা নগদ আদায় করা হয়েছে।
ব্যাংকের লোকসানি শাখার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। একপর্যায়ে ৩৮টি লোকসানি শাখা থাকলেও বর্তমানে তা কমে ১৮টিতে দাঁড়িয়েছে। একই সময়ে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৮৯৪ কোটি টাকা।
সাধারণ সভায় জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক খাতের বর্তমান অবস্থা ও কার্যক্রম তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে জনতা ব্যাংক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে।
তিনি বলেন, ডুয়েল কারেন্সি ভিসা ডেবিট কার্ড, টাকা পে ডেবিট কার্ড, ক্যাশলেস লেনদেন বাস্তবায়নে বাংলা কিউআর এবং নিজস্ব পেমেন্ট গেটওয়ে ‘জনতা পে’ চালুর মাধ্যমে গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করা হয়েছে।
চেয়ারম্যান জানান, জনতা ব্যাংকের নিজস্ব পেমেন্ট গেটওয়ে ‘জনতা পে’ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’-এ শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে প্রথম পুরস্কার অর্জন করেছে।
সভায় ব্যাংকের বৈদেশিক কার্যক্রমের বিভিন্ন দিকও তুলে ধরা হয়। চেয়ারম্যান জানান, সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংকের চারটি শাখা এ যাবৎকালের সর্বোচ্চ ১৮৭ কোটি টাকা মুনাফা অর্জন করেছে।
এ ছাড়া ইতালিতে অবস্থিত জনতা এক্সচেঞ্জ (জেইসি) এসআরএলে এজেন্সি অপারেশন চালু করা হয়েছে বলে সভায় জানানো হয়।
ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান জানান, ২০২৫ সালে জনতা ব্যাংক পিএলসি করপোরেট আয়কর বাবদ ৭২৪ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে।
একই সময়ে উৎসে কর, ভ্যাট ও আবগারি শুল্ক বাবদ আরও ২ হাজার ২২৭ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। অর্থাৎ আয়করসহ বিভিন্ন কর ও শুল্ক বাবদ ব্যাংকটি মোট ২ হাজার ৯৫১ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে।
বার্ষিক সাধারণ সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, এনডিসি, জনতা ব্যাংকের পরিচালক বদরে মুনির ফেরদৌস, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার, ড. মো. শাহাদাৎ হোসেন, মো. আহসান কবীর, মো. কাউসার আলম, অধ্যাপক ড. এ. এ. মাহবুব উদ্দিন এবং উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান ও মো. ফয়েজ আলম উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম, আমানত ও ঋণ পরিস্থিতি, শ্রেণীকৃত ঋণ আদায়, প্রযুক্তিনির্ভর সেবা এবং দেশ-বিদেশে ব্যাংকের কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়।
ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা জানান, ভবিষ্যতে গ্রাহকসেবার মান আরও উন্নত করা, ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ এবং অগ্রাধিকার খাতে ঋণপ্রবাহ অব্যাহত রাখার পাশাপাশি শ্রেণীকৃত ঋণ আদায়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


