চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলী মৌজার লেকসিটি আবাসিক এলাকায় পাহাড়ের ঢালে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। বিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
অভিযান পরিচালনায় জেলা প্রশাসনের একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আকবর শাহ থানার পুলিশের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে মোতায়েন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সাবেক চসিক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন আকবর শাহ থানাধীন লেকসিটি এলাকায় সরকারি পাহাড় দখল করে একটি আবাসিক এলাকা গড়ে তোলেন। একরের পর একর সরকারি খাস পাহাড়ের শত শত প্লট বানিয়ে তা বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে ক্ষমতার পট পরিবর্তনে ওই প্লট বাণিজ্যে স্থানীয় বিএনপির একটি গ্রুপ জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এর আগে এই এলাকায় একাধিকবার অভিযান চালিয়েও পাহাড় দখল পুরোপুরি বন্ধ করা যায়নি। প্রসঙ্গত, উক্ত এলাকা পরিদর্শনে গিয়ে ইতিপূর্বে হামলার শিকার হয়েছিলেন পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক পরিবেশ উপদেষ্টা অ্যাডভোকেট রিজওয়ানা হাসান।
জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মঙ্গলবার লেকসিটির পাহাড়তলী মৌজার নির্ধারিত চারটি দাগে পাহাড়ের ঢালে তৈরি করা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। পর্যায়ক্রমে সরকারি সব খাস জমি ও পাহাড় দখলদারদের কবজা থেকে সম্পূর্ণ মুক্ত করা হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

