ইরানে হামলায় ব্যবহৃত একটি মার্কিন বিমানঘাঁটির কাছে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। সন্দেহজনক কারনে তাদের আটক করা হয়েছে।
ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশের সিনিয়র ন্যাশনাল কো-অর্ডিনেটর ভিকি ইভান্স এক বিবৃতিতে জানিয়েছেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং গ্রেপ্তার পাঁচজন পুলিশ হেফাজতেই আছেন।
তিনি বলেন, পরিস্থিতি বুঝতে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি।
যে বিমানঘাঁটির কাছে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি হলো ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি। ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে এই ঘাঁটিতে থাকা বোমারু বিমান ব্যবহারের অনুমতি দিয়েছিল ব্রিটিশ সরকার।
স্ট্রেইট অব হরমুজে জাহাজে হামলার জন্য দায়ী ইরানি ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ওই বোমারু বিমান ব্যবহার করে হামলা চালায় বলে ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ব্রিটেনকে সতর্ক করে বলেছিল, ফেয়ারফোর্ড থেকে কোনো মার্কিন বোমারু বিমান ইরানে হামলা চালাতে উড়াল দিলে ওই ঘাঁটি হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।
ইরানের ওই সতর্কবার্তার পর গত জুলাইয়ে ব্রিটিশ সরকার জানিয়েছিল, যেকোনো ধরনের হামলা থেকে দেশকে সুরক্ষায় তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।
এদিকে ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে পাঁচজনকে গ্রেপ্তারের ঘটনায় তাদের সঙ্গে ইরান বা সাম্প্রতিক হামলার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি ব্রিটিশ কর্তৃপক্ষ। তদন্তের মাধ্যমে গ্রেপ্তারের পেছনের কারণ ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


