ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাজ্যে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাজ্যে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাজ্যে পাম্প পর্যায়ে ডিজেলের গড় দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। দেশটির মোটরিং সংস্থা আরএসি গত সোমবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

আরএসি-এর নীতিবিষয়ক প্রধান সাইমন উইলিয়ামস জানান, যুক্তরাজ্যে বর্তমানে প্রতি লিটার ডিজেলের গড় মূল্য ১৯৯.১৮ পেন্সে পৌঁছেছে। ফলে একটি সাধারণ পারিবারিক গাড়ির জ্বালানি ট্যাংক পূর্ণ করতে এখন প্রায় ১১০ পাউন্ড খরচ হচ্ছে। যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় এই ব্যয় প্রায় ৩১ পাউন্ড বেশি।

ডিজেলের এই মূল্যবৃদ্ধির প্রভাব শুধু ব্যক্তিগত গাড়ির মালিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। শিল্প ও কৃষিখাতেও এর বড় ধরনের চাপ তৈরি হয়েছে। কারণ এসব খাতে ডিজেল গুরুত্বপূর্ণ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ফলে জ্বালানির খরচ বাড়ায় পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থার ব্যয়ও বেড়ে যাচ্ছে।

এর আগে ২০২২ সালের জুনে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছিল। সে সময় যুক্তরাজ্যে ডিজেলের দাম প্রতি লিটারে ১৯৯.০৯ পেন্সে উঠেছিল, যা এতদিন দেশটির সর্বোচ্চ রেকর্ড ছিল। নতুন করে দাম বাড়ায় এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।

সাইমন উইলিয়ামস বলেন, যুক্তরাজ্যের পাম্পগুলোতে জ্বালানির দাম কমাতে হলে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যকে কয়েক দিন নয়, টানা কয়েক সপ্তাহ কম থাকতে হবে। একই সঙ্গে জ্বালানি শুল্কে ছাড় দেওয়া কিংবা ভ্যাট কমানোর মতো পদক্ষেপের মাধ্যমে সরকার গাড়িচালকদের ওপর বাড়তি ব্যয়ের চাপ কমাতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

জ্বালানির ঊর্ধ্বমুখী দাম দেশটির মূল্যস্ফীতির ওপরও প্রভাব ফেলছে। গত আগস্টে যুক্তরাজ্যে মূল্যস্ফীতি পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয়ের চাপে থাকা সাধারণ মানুষের জন্য জ্বালানির এই বাড়তি মূল্য নতুন করে আর্থিক চাপ তৈরি করছে।

তবে ইউরোপের কয়েকটি দেশের তুলনায় যুক্তরাজ্যে ডিজেলের দাম এখনো তুলনামূলক কম। আরএসি-এর ২১ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, ইউরোপের ১৫টি দেশের মধ্যে ডিজেলের দামের দিক থেকে ইতালির সঙ্গে যৌথভাবে সপ্তম অবস্থানে ছিল যুক্তরাজ্য।

তালিকায় যুক্তরাজ্য ও ইতালির চেয়ে বেশি দাম রয়েছে নেদারল্যান্ডস, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, বেলজিয়াম ও ফ্রান্সে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন