ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। গত বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা বৈঠক করেন তারা। ওই বৈঠকে আগামী ১৯ নভেম্বর সারা দেশে লকডাউন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত হয়ে নিষিদ্ধ দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ভারতে পলাতক জাহাঙ্গীর কবির নানক এ কর্মসূচি ঘোষণা দেন। ঢাকায় গোয়েন্দা সূত্র এ তথ্য জানিয়েছে। বৈঠকে অংশ নেওয়া একাধিক আওয়ামী লীগ নেতাও এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রগুলো বলছে, ভারতে পলাতক হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা সামনে রেখে লকডাউনের আড়ালে বড় ধরনের নাশকতার ছক কষছেন আওয়ামী লীগ নেতারা। সামনের দিনগুলোতে নানা কর্মসূচি অব্যাহত রাখার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
তথ্যানুযায়ী, বৃহস্পতিবার ভারতীয় সময় বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত কলকাতার রাজারহাট-নিউ টাউন এলাকায় ওই গোপন বৈঠক হয়। অ্যাকশন এরিয়া-১-এর ২বি আকাঙ্ক্ষা ও রেকজোয়ানিসংলগ্ন এইচপি পেট্রোল পাম্পের পেছনে অবস্থিত ‘এসকে হোটেল’-এ বৈঠকটি হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩৫০ নেতা অংশ নেন। সভা শুরুর আগে সেখানে মধ্যাহ্নভোজ করেন তারা।
গত মঙ্গলবার সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ সফল হয়েছে বলে বৈঠকে উল্লেখ করেন নেতারা। ওই অবরোধকে কেন্দ্র করে ঢাকার কয়েকটি স্থানসহ বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, পেট্রোলবোমা নিক্ষেপ এবং গাড়ি ভাঙচুরের মতো ঘটনাগুলোকে সফলতা হিসেবে দেখেন তারা। ওই অবরোধকে কেন্দ্র করে দলীয় সদস্যদের গ্রেপ্তারের সংখ্যাও খুব বেশি নয় বলে তারা মতামত ব্যক্ত করেন। জনমনে ভীতি সঞ্চার করতে নাশকতার একই ধারা অব্যাহত রাখার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলকাতার ওই বৈঠকে নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলাপর্যায়ের একাধিক প্রভাবশালী নেতা সরাসরি যোগ দেন। এতে উপস্থিত ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও বাহাউদ্দিন নাছিম বৈঠকে অংশ নেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, নৌপরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদও উপস্থিত ছিলেন। দলের সাংগঠনিক সম্পাদকদের মধ্যে মির্জা আজম ও শফিউল আলম চৌধুরী নাদেল সভায় যোগ দেন।
সাবেক সংসদ সদস্যদের মধ্যে ছিলেনÑশেখ হেলাল উদ্দিন, আতিউর রহমান আতিক, সানোয়ার হোসেন সানু, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, ছোট মনির, মোহিত-উর রহমান শান্ত, আব্দুল মালেক সরকার ও সারোয়ার কমল।
এছাড়া গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমও উপস্থিত ছিলেন। সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং আওয়ামীপন্থি অনলাইন অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদার বৈঠকে অংশ নেন।
বৈঠকসংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সেগুলো হলোÑতৃণমূলের প্রস্তুতি যাচাই, নতুন কর্মসূচির পরিকল্পনা ও চূড়ান্ত প্রস্তুতি ঘোষণা। সভায় উপস্থিত বিভিন্ন জেলার নেতাদের কাছ থেকে নিজ নিজ এলাকার সাংগঠনিক অবস্থার খোঁজ নেওয়া হয়। হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে জেলাপর্যায়ে নেতাকর্মীরা কতটা প্রস্তুত, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কেন্দ্রীয় নেতারা। উপস্থিত নেতারা বৈঠকটিকে হাসিনার দেশে ফেরাবিষয়ক ‘শেষ প্রস্তুতি সভা’ হিসেবে অভিহিত করেন। নেতাকর্মীরা মাঠপর্যায়ে নামার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত বলেও সভায় দাবি করা হয়।
নতুন কর্মসূচির পরিকল্পনা
আগামী ১৯ নভেম্বরের মধ্যে দেশের ভেতরে নতুন করে বৃহৎ আকারে আন্দোলন ও শোডাউন কর্মসূচি ঘোষণার বিষয়ে নেতারা একমত হন। এরপর গতকাল জাহাঙ্গীর কবির নানক ফেসবুক লাইভের মাধ্যমে ১৯ নভেম্বর লকডাউনের ঘোষণা দেন।
জেলাভিত্তিক প্রস্তুতি পর্যালোচনা
বিভিন্ন জেলার নেতারা বৈঠকে নিজ নিজ এলাকার প্রস্তুতির বিবরণ দেন। দেশে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, সাংগঠনিক কার্যক্রম এবং সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। দলীয় সূত্রের দাবি, সভাটিকে হাসিনার দেশে ফেরার প্রস্তুতি নিয়ে শেষ সাংগঠনিক বৈঠক হিসেবে বিবেচনা করা হয়েছে। নেতাকর্মীদের চূড়ান্তভাবে প্রস্তুত থাকার নির্দেশনাও আলোচনায় এসেছে।
ডিসেম্বরে ফেরার ঘোষণা হাসিনার
হাসিনা বেশ কিছুদিন ধরে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা বলে আসছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স, এপি, এনডিটিভি ও ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। গত ৫ নভেম্বর এপিকে দেওয়া সাক্ষাৎকারেও তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার সিদ্ধান্তে অটল থাকার কথা জানান। তার দাবি, দেশে ফিরে তিনি আদালতের মুখোমুখি হতে প্রস্তুত। তবে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ও সময় এখনো প্রকাশ করেননি। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় হয়েছে।
ককটেল, অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যদের নাশকতামূলক তৎপরতা বেড়েছে। গত সোমবার রাতে গোপালগঞ্জ শহর, কোটালীপাড়া ও মুকসুদপুরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শহরের সরকারি জিলা স্কুল, সরকারি মহিলা কলেজ, পাসপোর্ট অফিস, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটানো হয়। কোটালীপাড়া ও মুকসুদপুরেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। একই রাতে ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা এবং কোটালীপাড়ায় মশাল মিছিল করা হয়।
এসব কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন। পরে পুলিশ মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে। এ সময় ১৫টি অবিস্ফোরিত ককটেল ও সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা ও সংলগ্ন এক্সপ্রেসওয়েতে সোমবার গভীর রাতে অবরোধ ও মিছিল করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় তারা অন্তত ২৫টি ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস ব্যবহার করা হয়। পরে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান এবং রাত আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। নাওডোবা এলাকায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের জন্য প্রস্তুত করা ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে পুলিশ।
ফরিদপুরে বাসে আওয়ামী সন্ত্রাসীদের দেওয়া আগুনে পুড়ে মারা যান বাসটিতে ঘুমিয়ে থাকা চালক। মানিকগঞ্জে একাধিক বিস্ফোরণের পাশাপাশি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আদালত এলাকায় বিস্ফোরণে দুজন আহত হন। পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন। কিছু ক্ষেত্রে অর্থের বিনিময়ে হামলা চালানোর অভিযোগও সামনে এসেছে।
কলকাতায় আওয়ামী লীগেএছাড়া গত সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অন্তত ২১টি জেলায় নাশকতা, সহিংসতা ও অবরোধের খবর পাওয়া যায়। পুলিশ সদর দপ্তর ও ডিএমপির হিসাব অনুযায়ী, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকাসহ ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়। ঢাকায় ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবরও পাওয়া যায়। এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম আমার দেশকে বলেন, ডিসেম্বরে হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে আওয়ামী লীগ নিজেদের শক্তি প্রদর্শন করতে চাইছে। তবে নিষিদ্ধ অবস্থায় দলটির প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রমের সুযোগ নেই। ফলে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, যোগাযোগ, অনলাইন প্রচার এবং বিচ্ছিন্ন কর্মসূচির মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা থাকতে পারে। নতুন করে নাশকতার ছক কষার সমূহ আশঙ্কা রয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বেশি সজাগ ও তৎপর থাকতে হবে। পাশাপাশি জুলাইয়ের পক্ষের সব শক্তিকে সচেতন থাকতে হবে। প্রয়োজনে রাজপথে থাকতে হবে। এক্ষেত্রে ঐক্যের বিকল্প নেই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন






