বাংলাদেশি সাংবাদিকদের চীনা কূটনীতিক

বিসিএম অর্থনৈতিক করিডর তিন দেশের রাজনৈতিক সিদ্ধান্ত

বিসিএম অর্থনৈতিক করিডর তিন দেশের রাজনৈতিক সিদ্ধান্ত
বাম থেকে ওয়েন শিসাং, ঝিয়াং পেয়ই

প্রস্তাবিত বাংলাদেশ-চীন-মিয়ানমার (বিসিএম) অর্থনৈতিক করিডর তিন দেশের একটি রাজনৈতিক সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে বেইজিং। ত্রিদেশীয় এই অর্থনৈতিক করিডর বাস্তবায়িত হলে সব পক্ষই উপকৃত হবে। সম্প্রতি চীন সফরে যাওয়া বাংলাদেশ মিডিয়া ডেলিগেশনের সঙ্গে মতবিনিময়কালে চীনের ইউনান প্রভিন্সের পররাষ্ট্র দপ্তরের উপমহাপরিচালক ওয়েন শিসাং এই মন্তব্য করেন।

বাংলাদেশ মিডিয়া ডেলিগেশনের সম্মানে দেওয়া ব্যানকোয়েট ও মতবিনিময় অনুষ্ঠানে এই চীনা কূটনীতিক বাংলাদেশকে চীনের গুরুত্বপূর্ণ অংশীদার ও বিশ্বস্ত বন্ধু আখ্যা দিয়ে দুই দেশের অংশীদারত্ব আরো জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। অর্থনৈতিক, বাণিজ্যিক, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জ্বালানি, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের প্রচেষ্টার কথাও তুলে ধরেন ওয়েন শিসাং।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক সঠিক পথে আছে। বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর প্রতিষ্ঠার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগ বাস্তবায়ন হলে ঢাকা-বেইজিং দুই পক্ষই লাভবান হবে। এটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। এই প্রকল্প বাস্তবায়ন করতে বেইজিং প্রয়োজনীয় কাজ করছে। আমাদের এই প্রচেষ্টা সফল হলে সংস্কৃতি, বাণিজ্য, স্বাস্থ্যসেবা, পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরো বাড়বে।

বাংলাদেশ সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে এই চীনা কূটনীতিক আরো বলেন, ‘ইউনান প্রভিন্সের ভাইস গভর্নরের সঙ্গে গত সেপ্টেম্বরে আমি ঢাকা সফর করেছি। সে সময় বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। ওই বৈঠকে বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর নিয়ে আলাপ হয়েছে। সেখানে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টেক্সটাইল খাত, নগর পরিকল্পনা, যোগাযোগ খাত এবং দুপক্ষের অংশীদারত্ব জোরদার নিয়ে আলোচনা করেন, যা খুবই ইতিবাচক।’

তবে এই উদ্যোগ বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর প্রতিষ্ঠায় অনেক সম্ভাবনার পাশাপাশি কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। প্রথমত, এ ধরনের অংশীদারত্ব প্রতিষ্ঠা করতে হলে সবার আগে একটি নীতিমালা করা প্রয়োজন। দুই পক্ষের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিশেষ করে ব্যবসায়ী সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে এগোতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলোÑএই উদ্যোগ বাস্তবায়নে সব পক্ষকেই সমান উদ্যোগী হতে হবে।

উল্লেখ্য, গত ২৬ জুন বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বেইজিং ঢাকাকে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডর করার প্রস্তাব দেয়। সে সময়ে অর্থনৈতিক কানেক্টিভিটি নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিস্তারিত কথা হয়।

অর্থনৈতিক করিডরের ব্যাপারে বাংলাদেশের ইতিবাচক মনোভাবের কথা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘প্রস্তাবিত ত্রিদেশীয় অর্থনৈতিক করিডরের ব্যাপারে আমরা ইতিবাচক। এই প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের আপত্তি নেই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে।’

বাংলাদেশ ২০১৬ সালে চীনের বিআরআই (বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ) প্রকল্পে যোগ দিয়েছে। এখন চীন বাংলাদেশকে বিসিএম অর্থনৈতিক করিডরে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছে। চীনের এই প্রস্তাবকে ইতিবাচক হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ড. এম শহীদুজ্জামান আমার দেশকে বলেন, ‘প্রস্তাবিত ত্রিদেশীয় অর্থনৈতিক করিডর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ বাস্তবায়িত হলে চীনের সঙ্গে বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে উঠবে। এর ফলে ভারতের ওপর আমাদের যে নির্ভরশীলতা রয়েছে, তা কমিয়ে আনা সম্ভব হবে।’

রোহিঙ্গা সমস্যার সমাধান ছাড়া ত্রিদেশীয় অর্থনৈতিক করিডর বাস্তবায়ন সম্ভব কি নাÑএমন প্রশ্নের জবাবে ওয়েন শিসাং বলেন, ‘রোহিঙ্গা সমস্যা একটি ঐতিহাসিক সমস্যা। এই সমস্যার টেকসই সমাধান জরুরি। আমরা এ ব্যাপারে কাজ করছি।’ তিনি বলেন, আঞ্চলিক উন্নয়ন ও স্থিতিশীলতার কথা বিবেচনা করে এ ক্ষেত্রে সব পক্ষকেই প্রজ্ঞার পরিচয় দিতে হবে।

চীনা এই কূটনীতিক তাদের দেশের চিকিৎসাসেবা নিতে বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘চীনের চিকিৎসাব্যবস্থা বিশ্বমানের। কিন্তু ব্যয় অন্যান্য দেশের তুলনায় অনেক কম। আমরা চাই বাংলাদেশি রোগীরা এখানে আসুক। ভিসা পদ্ধতি সহজ করার পাশাপাশি তারা যাতে সহজে এখানে চিকিৎসাসেবা নিতে পারেন, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

এদিকে বাংলাদেশ মিডিয়া ডেলিগেশনের সঙ্গে অপর এক মতবিনিময় অনুষ্ঠানে চংকিং ফরেন অফিসের উপমহাপরিচালক ঝিয়াং পেয়ই বলেন, ‘বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা বিভিন্ন খাতে, বিশেষ করে প্রযুক্তি ও কৃষি খাতে বাংলাদেশের অংশীদারত্ব চাই। বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। চংকিংয়ের কৃষিশিক্ষা বিশ্ববিখ্যাত। ২০২৫ সালে কৃষি বিষয়ে উচ্চশিক্ষার জন্য ২৭০ বাংলাদেশি চংকিংয়ের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছেন।’

২০২৬ সালেও প্রায় সমসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী চংকিংয়ে এসেছেন বলে জানান এই চীনা কূটনীতিক। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক জোরদারে মানুষে মানুষে আদান-প্রদান, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে যোগাযোগ বাড়ানো জরুরি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন