৭ নভেম্বরের মর্যাদা রক্ষায় উচ্চ আদালতে গিয়েছিলেন মাহমুদুর রহমান

৭ নভেম্বরের মর্যাদা রক্ষায় উচ্চ আদালতে গিয়েছিলেন মাহমুদুর রহমান
মাহমুদুর রহমান ও আদিলুর রহমান। ছবি: সংগৃহীত

দীর্ঘ ২০ বছর পর দেশে রাষ্ট্রীয়ভাবে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। ছিল সাধারণ ছুটি। অনেকেই জানেন না, এ দিনটির মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা ও বাতিল করা ছুটি পুনর্বহালে সেই ২০০৮ সালে উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। ওয়ান-ইলেভেন সরকারের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন ওই বছরের ২৬ অক্টোবর।

বিজ্ঞাপন

পিটিশনের ওপর শুনানি করে চার সপ্তাহের মধ্যে ৭ নভেম্বরের ছুটি বাতিল আদেশ কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের শীর্ষ ছয় কর্মকর্তাকে শোকজ করেছিল হাইকোর্ট বেঞ্চ। ২০০৮ সালের ২ নভেম্বর জারি করা সেই রুল দীর্ঘ দেড় যুগেও নিষ্পত্তি হয়নি।

মাহমুদুর রহমানের পক্ষে রিট পিটিশন দাখিল ও শুনানি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান। রিট দাখিলের মাত্র দুই মাস আগে মাহমুদুর রহমান আমার দেশ-এর দায়িত্ব গ্রহণ করেন। ওই সময় তিনি আর্টিসান সিরামিকের চেয়ারম্যান ছিলেন। রিটে তিনি সেই পরিচয় ব্যবহার করেন।

গতকাল সোমবার আইনজীবী আদিলুর রহমান আমার দেশকে জানান, শিগগিরই রিট ও রুলের নিষ্পত্তির জন্য তিনি আদালতের নজরে আনবেন। সম্প্রতি ৭ নভেম্বরের ছুটি পুনর্বহাল ও রাষ্ট্রীয়ভাবে আবার পালনের সরকারি সিদ্ধান্ত হওয়ায় রিট আবেদনটি এখন আর প্রাসঙ্গিক নয় বলেও জানান তিনি।

২০২৪ সালের ৫ আগস্টে অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে রিট নিষ্পত্তির উদ্যোগ না নেওয়া প্রসঙ্গে আদিলুর বলেন, যেহেতু ওই সময়ে সরকারে মন্ত্রী মর্যাদায় উপদেষ্টার দায়িত্বে ছিলাম, সে কারণে উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। আওয়ামী লীগের ১৫ বছরে রিট নিষ্পত্তির উদ্যোগ নিলে ফলাফল নেতিবাচক হতে পারত। সে কারণে উদ্যোগ নেওয়া হয়নি।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার অবিস্মরণীয় এক বিপ্লবে আধিপত্যবাদী শক্তির রাহুগ্রাস থেকে রক্ষা পেয়েছিল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব। টালমাটাল পরিস্থিতিতে ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশের হাল ধরেন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। সেই দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হয়ে আসছিল। আওয়ামী লীগ ২১ বছর পর ১৯৯৬ সালে ক্ষমতায় এসে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন বন্ধ করে দেয় এবং ছুটি বাতিল করে। ২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় আসার পর ফের দিবসটি পূর্ণ মর্যাদায় পালিত হয়ে আসছিল।

২০০৭ সালে ফখরুদ্দিন-মইনুদ্দিনের নেতৃত্বে সেনাসমর্থিত ওয়ান-ইলেভেন সরকার ক্ষমতা দখলের পর ২০০৭ সালের ১২ ডিসেম্বর গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ৭ নভেম্বরের সরকারি ছুটি বাতিল করে দেয়। বিজ্ঞপ্তির নম্বর ছিল সম(বিধি-৪) ছুটি-৯/২০০৭-২১২। এই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে তা বাতিলের আবেদন জানান মাহমুদুর রহমান। হাইকোর্টের বিচারপতি নাজমুন আরা সুলতানা ও রেজাউল হকের বেঞ্চে দায়ের করা রিট পিটিশনের (নং ৭৯৯৫) ওপর শুনানি করেন অ্যাডভোকেট আদিলুর রহমান। হাইকোর্ট আবেদন বিবেচনায় নিয়ে সরকারকে শোকজ করে।

যাদের শোকজ করা হয়েছিল

বিচারপতি নাজমুন আরা সুলতানা ও রেজাউল হকের দ্বৈত বেঞ্চ সরকারের ছয় শীর্ষ কর্মকর্তাকে চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেয়। তারা হলেনÑমন্ত্রিপরিষদ সচিব, তৎকালীন প্রধান উপদেষ্টা ফখরুদ্দিনের মুখ্য সচিব, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য সচিব, শিক্ষা সচিব ও গেজেট বিজ্ঞপ্তি জারির সঙ্গে সংশ্লিষ্ট উপসচিব। কারণ দর্শানো নোটিসে ৭ নভেম্বরের ছুটি বাতিল করে জারি করা গেজেট বিজ্ঞপ্তি কেন অবৈধ, আইনগত কর্তৃত্ববহির্ভূত ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে গণ্য করে বাতিল করা হবে না এবং ওই দিনের ছুটি কেন পুনর্বহাল করার আদেশ দেওয়া হবে না তা চার সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়।

রিট আবেদনের প্রেক্ষাপট তুলে ধরে আদিলুর বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক সৈনিক ও জনতার মিলিত বিপ্লব হয়েছিল। দেশের সর্বস্তরের জনগণ সেই বিপ্লবকে মনেপ্রাণে ধারণ করেছিল। যেসব সৈনিক সেই বিপ্লবে সাহসী ভূমিকা নিয়েছিলেন এবং জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এ দিনটি উদযাপন জরুরি। মাহমুদুর রহমান এ বিষয়টি অনুধাবন করেই ৭ নভেম্বরের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং সরকারি সাধারণ ছুটি পুনর্বহালের জন্যে রিট আবেদন করেন। আমি তার পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছি।

তিনি বলেন, এটি কোনো সাধারণ মামলা ছিল না। ওয়ান-ইলেভেন সরকারের সময়ে সবাই যখন তাদের ভয়ে তটস্থ, তখন তাদের কোনো সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করা দুরন্ত সাহসিকতার বিষয় ছিল।

আইনজীবী আদিলুর আরো বলেন, ৭ নভেম্বরের মতোই ২০২৪ সালে ছাত্র-সৈনিক-জনতা বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদকে পরাস্ত করেছে। এই ফ্যাসিবাদবিরোধী লড়াইয়েও মাহমুদুর রহমান ও আমার দেশ-এর বলিষ্ঠ ভূমিকা রয়েছে। তিনি বলেন, অবশেষে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস স্বমহিমায় পুনর্বহাল হওয়া আমাদের সবার জন্য স্বস্তি ও আনন্দের।

উল্লেখ্য, চলতি বছরের আগে ২০০৬ সালে সর্বশেষ রাষ্ট্রীয়ভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন