নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিলের উদ্যোগ আইজেনকোটের

নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিলের উদ্যোগ আইজেনকোটের
গাদি আইজেনকোট। ছবি: সংগৃহীত

ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট বিদায়ি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বেশ কিছু নীতি পরিবর্তনের অঙ্গীকার করেছেন। মঙ্গলবার নতুন পার্লামেন্ট নেসেটের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

সাবেক এই সেনাপ্রধানের সামনে সরকার গঠনের জন্য ছয় সপ্তাহ সময় রয়েছে। সফল হলে ইসরাইলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শাসনের অবসান ঘটবে।

বিজ্ঞাপন

পার্লামেন্টে নেতানিয়াহুবিরোধী দলগুলোর সংখ্যাগরিষ্ঠতা থাকায় নতুন সরকার গঠনের আগেই তারা আইন প্রণয়নের উদ্যোগ নিতে পারবে।

নতুন সরকার গঠনের আগেই একাধিক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে আইজেনকোটের জোট। প্রস্তাবিত বিলগুলোর মধ্যে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা তদন্তে সরকারি কমিশন গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং বিচার বিভাগের ক্ষমতা খর্ব করে নেতানিয়াহু সরকারের নেওয়া সংস্কার বাতিল করা।

নেতানিয়াহুবিরোধী জোট বর্তমান পার্লামেন্ট স্পিকার আমির ওহানাকে সরিয়ে নতুন স্পিকার নিয়োগের প্রক্রিয়াও শুরু করেছে। এ পদে তারা আইজেনকোটের দল ইয়াশারের জ্যেষ্ঠ নেতা মাতান কাহানাকে মনোনীত করেছে।পার্লামেন্টে কোন বিল আলোচনার জন্য উত্থাপিত হবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্পিকার। ফলে নতুন স্পিকার নিয়োগের মাধ্যমে বিরোধী জোট তাদের আইন প্রণয়নের পরিকল্পনা এগিয়ে নিতে পারবে।

এদিকে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি আইজেনকোট। তবে এ ক্ষেত্রে দলগুলোকে ইসরাইলের ইহুদি রাষ্ট্রীয় পরিচয় মেনে নেওয়া এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকার করার শর্ত দিয়েছেন তিনি।

নেতানিয়াহু আরব রাজনীতিকদের সঙ্গে জোট গঠনের বিরোধিতা করে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্যকে বিভেদমূলক ও বিদ্বেষপূর্ণ আখ্যা দিয়ে আইজেনকোট বলেছেন, নেতানিয়াহু আর এক মিনিটও ক্ষমতায় থাকার যোগ্য নন। এ বক্তব্যের পর নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে নির্ধারিত বৈঠকও বাতিল করেন তিনি।

নতুন পার্লামেন্টের শপথের পরও নেতানিয়াহু ও তার মন্ত্রিসভা ক্ষমতায় থাকছেন। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

সূত্র: এনবিসি নিউজ

আরিএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...