নিয়মিত ক্লাস নেওয়া, নির্ধারিত সময়ে কোর্স শেষ করা কিংবা মানসম্মত পাঠদান নিশ্চিত করা—শিক্ষকদের এসব একাডেমিক দায়িত্বের জবাবদিহি প্রতিষ্ঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল চার বছর আগে। নীতিমালা অনুমোদনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি।
এদিকে শ্রেণিকক্ষে অনুপস্থিতি, পাঠদানে অপ্রস্তুতি, গবেষণায় অনাগ্রহ এবং একাডেমিক দায়িত্বে অবহেলার অভিযোগ নিয়েও কার্যকর কোনো ব্যবস্থা নেই বলে দাবি শিক্ষার্থীদের। এর মধ্যে ডাকসুর উদ্যোগে চালু হওয়া অনলাইন মূল্যায়ন ব্যবস্থাও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আপত্তিতে বন্ধ হয়ে গেছে। তবে প্রশাসন বলছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে শিক্ষক মূল্যায়ন কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, কিছু শিক্ষক নির্ধারিত ক্লাসের উল্লেখযোগ্য অংশ নেন না। কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের ক্লাস ফাঁকি দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেন। আবার অনেকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে যথাযথ প্রস্তুতি নিয়ে না আসা এবং মানসম্মত পাঠদানে ব্যর্থতার অভিযোগ রয়েছে। এসবের পাশাপাশি শিক্ষকদের গবেষণাকর্মে অনাগ্রহ এবং নিয়োগ-পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার প্রভাবও উচ্চশিক্ষার মান ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করেন তারা।
এর একটি উদাহরণ হিসেবে ফলিত গণিত বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে শিক্ষার্থীরা জানান, অষ্টম ব্যাচের ৪০৯ নম্বর কোর্সে নির্ধারিত ৪৫টি ক্লাসের বিপরীতে তিনি নিয়েছেন ২৫টি। সপ্তম ব্যাচের ৩০৭ নম্বর কোর্সে ৪৫টির মধ্যে নিয়েছেন ২৭টি। ডাকসুর উদ্যোগে চালু হওয়া শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে ওই শিক্ষকের রেটিং ছিল পাঁচের মধ্যে এক।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী তাশরিক-ই-হাবিবের সামাজিক যোগাযোগমাধ্যমে গান পরিবেশন নিয়ে আলোচনা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের সমালোচনার মুখে অভিযোগের ভিত্তিতে তাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনাও শিক্ষকদের পেশাদারিত্ব ও একাডেমিক দায়িত্ব পালনের বিষয়টি নতুন করে আলোচনায় আনে।
এ বিষয়ে ঢাবির আইন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাকিবুর রহমান বলেন, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা। অনেক শিক্ষক যথাযথ প্রস্তুতি ছাড়াই ক্লাস নেন এবং শিক্ষার্থীদের প্রশ্ন ও মতামতকে গুরুত্ব দেন না। তার মতে, নিয়মিত শিক্ষার্থী মূল্যায়ন চালু হলে শিক্ষকদের পাঠদানের মান ও দুর্বলতা চিহ্নিত করা সম্ভব হবে। এতে শিক্ষার মান ও শিক্ষকদের দায়িত্বশীলতা বাড়বে। পাশাপাশি কোন শিক্ষক ভালো পড়াচ্ছেন এবং কার কোথায় উন্নতির প্রয়োজন, সেটিও চিহ্নিত করা সম্ভব হবে।
ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার বলেন, শিক্ষকদের পাঠদানের মান ও একাডেমিক দায়িত্বশীলতা নিশ্চিত করতে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করা জরুরি। তার মতে, কিছু শিক্ষক নিয়মিত ক্লাস নেন না, নির্ধারিত সময়ে কোর্স শেষ করেন না এবং পাঠদানে যথাযথ প্রস্তুতি ও পেশাদারিত্বের ঘাটতি রাখেন। এসব বিষয় শিক্ষার সামগ্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে মূল্যায়নের ব্যবস্থা চালু হলে শিক্ষকদের মধ্যে জবাবদিহি ও দায়িত্বশীলতা বাড়বে।
পাঁচ সূচকে শিক্ষকদের মূল্যায়ন
জানা গেছে, শিক্ষকদের পাঠদানের মান ও একাডেমিক কার্যক্রম মূল্যায়নে ২০২২ সালে নীতিমালা প্রণয়ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই বছরের ১২ অক্টোবর তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ পদ্ধতি চালুর সুপারিশ করা হয়। প্রাথমিক প্রস্তাবে পাঁচটি সূচকে ২২টি প্রশ্নের মাধ্যমে মূল্যায়নের কথা বলা হয়েছিল। পরে নীতিমালাটি চূড়ান্ত করে ৩০ অক্টোবর সিন্ডিকেটের সভায় অনুমোদন দেওয়া হয়।
নীতিমালা অনুযায়ী, কোনো কোর্স শেষ হওয়ার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিজেদের ড্যাশবোর্ডে প্রবেশ করে সংশ্লিষ্ট শিক্ষকের মূল্যায়ন করতে পারবেন। পাঁচটি সূচকের অধীনে মোট ২২টি প্রশ্নের ভিত্তিতে এ মূল্যায়ন হওয়ার কথা রয়েছে।
মূল্যায়নে বিবেচনায় নেওয়া হবে—শিক্ষক নিয়মিত ও সময়মতো ক্লাস নেন কি না, নির্ধারিত সময়ে কোর্স শেষ করেন কি না, জ্ঞানভিত্তিক ও মানসম্মত পাঠদান করেন কি না এবং শ্রেণিকক্ষে আকর্ষণীয় ও স্বাচ্ছন্দ্যপূর্ণ একাডেমিক পরিবেশ তৈরি করতে পারেন কি না। পাশাপাশি কোর্সের বিষয়বস্তু, পাঠসহায়ক উপকরণ সরবরাহ, পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট গ্রহণ এবং সেগুলোর যথাযথ মূল্যায়ন নিয়েও শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে।
লিকার্ট স্কেলে শিক্ষার্থীরা তাদের মতামত জানাতে পারবেন। পাশাপাশি তিনটি প্রশ্নের ভিত্তিতে লিখিত মন্তব্য ও পরামর্শ দেওয়ার সুযোগ থাকবে। সব প্রশ্নের উত্তরের গড় করে শিক্ষকের সামগ্রিক স্কোর নির্ধারণ করা হবে। পাঁচ পয়েন্টের মধ্যে ৪.৫ থেকে ৫ পয়েন্টকে ‘উৎকৃষ্ট’, ৪ থেকে ৪.৫ ‘খুব ভালো’, ৩.৫ থেকে ৪ ‘ভালো’, ৩ থেকে ৩.৫ ‘চলনসই’, ২.৫ থেকে ৩ ‘খারাপ’ এবং ২.৫-এর নিচে ‘খুব খারাপ’ হিসেবে বিবেচনা করা হবে।
নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীদের ব্যক্তিগত মতামত সংশ্লিষ্ট শিক্ষক সরাসরি জানতে পারবেন না। বিভাগীয় প্রধান, অনুষদের ডিন ও ইনস্টিটিউটের প্রধানরা মূল্যায়নের ফলাফল জানতে পারবেন। পরবর্তী সময়ে তারা সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে ফলাফল নিয়ে আলোচনা করবেন।
২০২৪ সালের জুনে পদ্ধতিটি চালুর পরিকল্পনা থাকলেও পরে জুলাইয়ে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। কিন্তু ওই সময় দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ায় তা বাস্তবায়িত হয়নি। ৫ আগস্ট-পরবর্তী সময়ে সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে শিক্ষা কার্যক্রম পরিচালনার রোডম্যাপ তৈরির ঘোষণা দেন। এ লক্ষ্যে তৎকালীন উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুন আহমেদকে আহ্বায়ক করে একটি কমিটিও গঠন করা হয়। তবে তাতেও শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু হয়নি।
ডাকসুর উদ্যোগ বন্ধ প্রশাসনের আপত্তিতে
প্রশাসনের দীর্ঘসূত্রতার মধ্যে চলতি বছরের ১০ সেপ্টেম্বর শিক্ষকদের পাঠদানের মান, পেশাদারিত্ব ও শিক্ষার্থীদের সঙ্গে একাডেমিক আচরণ মূল্যায়নে ‘ডিই ইভ্যালুয়েশন’ নামে একটি ওয়েবসাইট চালু করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া বলেন, ডাকসু নির্বাচনের ইশতেহারে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি ছিল। তা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের আইসিটি দপ্তর, উপাচার্য ও উপ-উপাচার্যসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও কার্যকর অগ্রগতি পাওয়া যায়নি। এ কারণে ডাকসুর পক্ষ থেকে ওয়েবসাইট চালুর উদ্যোগ নেওয়া হয়।
তিনি বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষকদের পাঠদান, পেশাদারিত্ব ও একাডেমিক আচরণ সম্পর্কে মতামত নেওয়ার একটি কার্যকর ও কাঠামোবদ্ধ ব্যবস্থা থাকা প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা থেকেই ওয়েবসাইটটি চালু করা হয়েছিল।
তবে চালুর চতুর্থ দিনেই শিক্ষার্থীদের ব্যক্তিগত রিভিউ ও রেটিং সাময়িকভাবে আড়াল করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আপত্তির মুখে ওয়েবসাইটটির কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় ডাকসু। এ ঘটনায় শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা বাস্তবায়নে প্রশাসনের অনীহার অভিযোগ তোলেন সংশ্লিষ্ট ডাকসু নেতারা।
নতুন শিক্ষাবর্ষে বাস্তবায়নের আশ্বাস
এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি কার্যকর করার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ক্ষেত্রে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাধ্যমে কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম আমার দেশকে বলেন, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নে প্রশাসন সর্বোচ্চ আন্তরিক। বিষয়টি ইতোমধ্যে সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে। আসন্ন ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই এটি বাস্তবায়ন শুরু হবে।
তবে আনুষ্ঠানিক প্রক্রিয়া বা প্রশিক্ষণ শুরু হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো এ ধরনের কোনো প্রশিক্ষণ বা আনুষ্ঠানিকতা শুরু হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন শিক্ষাবর্ষ থেকেই কার্যক্রম শুরু হবে।
উপ-উপাচার্য (শিক্ষা) ড. আব্দুস সালাম বলেন, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চলতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দিয়েই কার্যক্রম শুরু করা হবে।
তিনি বলেন, আমাদের যতগুলো ধাপ সম্পন্ন হওয়ার কথা ছিল, সেগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে যারা প্রথম বর্ষে ভর্তি হবে, তাদের থেকেই আমরা এই পদ্ধতি বাস্তবায়ন শুরু করব। সর্বশেষ এটি একাডেমিক কাউন্সিলে অনুমোদিত হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের নীতিমালার অন্তর্ভুক্ত হয়েছে।
ইউজিসির কোনো নির্দেশনা বা এ বিষয়ে আগ্রহ রয়েছে কি না জানতে চাইলে আব্দুস সালাম বলেন, ইউজিসির নিজস্ব অবস্থান থাকতে পারে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা প্রণয়নে একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট, ডিনস কমিটি, সংশ্লিষ্ট অনুষদ ও বিভাগসহ প্রয়োজনীয় সব পর্যায়ের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, এখন এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাস্তবায়নের জন্য আর কোনো নীতিগত ধাপ বাকি নেই। এখন শুধু বাস্তবায়ন করতে হবে। আমরা একটি নির্দিষ্ট শিক্ষাবর্ষের প্রথম বর্ষ থেকে এটি কার্যকর করব এবং সেই হিসাবে চলতি বছর ভর্তি হওয়া শিক্ষার্থীদের থেকেই বাস্তবায়ন শুরু হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

