পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যার দিক থেকে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে ইসলাম। তবে আগামী কয়েক দশকে ইসলাম ও খ্রিষ্টধর্ম—উভয় ধর্মের অনুসারীর সংখ্যাই বাড়বে। কিন্তু খ্রিষ্টধর্মের তুলনায় ইসলামের অনুসারী বৃদ্ধির হার হবে বেশি।
মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে মুসলিম জনসংখ্যার সম্ভাব্য বৃদ্ধির চিত্র তুলে ধরেছে গবেষণা প্রতিষ্ঠানটি। এতে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের ধর্মীয় জনসংখ্যার পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশের বসবাস।
গবেষণায় মুসলিম, খ্রিষ্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী এবং কোনো ধর্মের সঙ্গে সম্পৃক্ত নন—এমন জনগোষ্ঠীর ভবিষ্যৎ জনসংখ্যার চিত্র পর্যালোচনা করা হয়েছে।
পিউ-টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রকল্পের আওতায় এ গবেষণা পরিচালিত হয়। বিশ্বজুড়ে ধর্মীয় পরিবর্তন এবং এর প্রভাব বিশ্লেষণ করাই এ প্রকল্পের লক্ষ্য।
তবে পিউ রিসার্চ জানিয়েছে, এসব পূর্বাভাসের উদ্দেশ্য ভবিষ্যতের সব ধরনের পরিবর্তন সম্পর্কে নিশ্চিত ধারণা দেওয়া নয়। আর্থসামাজিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধসহ বিভিন্ন ঘটনা মানুষের ধর্মীয় পরিচয়ে পরিবর্তন আনতে পারে।
জনসংখ্যা বৃদ্ধিতে এগিয়ে মুসলিমরা
প্রতিবেদন অনুযায়ী, মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার বিশ্বের ধর্মীয় জনগোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে বেশি। এ কারণে মুসলিম জনগোষ্ঠী বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্মীয় গোষ্ঠী হিসেবে বিবেচিত হচ্ছে।
গবেষণায় দেখা গেছে, একজন মুসলিম নারী গড়ে ৩ দশমিক ১টি সন্তান জন্ম দেন। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ জন্মহারের খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫।
সাধারণত একটি প্রজন্মের জনসংখ্যা প্রতিস্থাপনের জন্য নারীপ্রতি গড়ে ২ দশমিক ১টি সন্তান জন্মদানের হার প্রয়োজন হয়।
পিউ রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, মুসলিম ও খ্রিষ্টান—উভয় জনগোষ্ঠীর জনসংখ্যাই বিশ্বের সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়বে।
তবে প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির ফলে ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনগোষ্ঠীতে প্রায় ১৬০ কোটি মানুষ যুক্ত হতে পারে। অন্যদিকে খ্রিষ্টান জনগোষ্ঠীতে এ সংখ্যা হতে পারে প্রায় ৭৯ কোটি ২০ লাখ।
কমবে খ্রিষ্টান জনসংখ্যা
ধর্ম পরিবর্তনের কারণে মুসলিম জনগোষ্ঠীর তুলনায় খ্রিষ্টান জনগোষ্ঠীর জনসংখ্যায় বেশি নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসলাম গ্রহণকারী ও ইসলাম ত্যাগকারীর সংখ্যার ব্যবধানের কারণে মুসলিম জনগোষ্ঠীর নিট জনসংখ্যা প্রায় ৮০ লাখ কমতে পারে। অন্যদিকে খ্রিষ্টধর্মের ক্ষেত্রে এ ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১০ কোটি ৫০ লাখ।
খ্রিষ্টধর্ম ত্যাগকারীদের একটি অংশ পরবর্তী সময়ে কোনো ধর্মের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করবেন না। তাদের মধ্যে নাস্তিক ও অজ্ঞেয়বাদীরাও থাকতে পারেন।
তবে ইসলাম ধর্মের অনুসারী বৃদ্ধির প্রধান কারণ খ্রিষ্টানদের ইসলাম গ্রহণ নয় বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। বরং ইসলাম থেকে খ্রিষ্টধর্ম গ্রহণকারীর সংখ্যা খ্রিষ্টধর্ম থেকে ইসলাম গ্রহণকারীর সংখ্যার চেয়ে সামান্য বেশি হতে পারে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতেই বেশি প্রবৃদ্ধি
পিউ রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যার অধিকাংশ বৃদ্ধি ঘটবে এমন দেশগুলোতে, যেখানে বর্তমানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ।
২০৭০ সাল নাগাদ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মুসলিম হতে পারে। এছাড়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলমানদের সংখ্যা ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীকে ছাড়িয়ে যেতে পারে।
২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। ২০৭০ সাল নাগাদ এসব দেশে আরো প্রায় ১২০ কোটি মুসলিম যুক্ত হতে পারেন। বিশ্বে মুসলিম জনসংখ্যার মোট সম্ভাব্য বৃদ্ধির ৭৪ শতাংশই ঘটবে এসব দেশে।
উদাহরণ হিসেবে পাকিস্তানের কথা উল্লেখ করেছে পিউ রিসার্চ। দেশটিতে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। এর মধ্য দিয়ে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে পাকিস্তান বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে।
অন্যদিকে খ্রিষ্টান জনগোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধিও মূলত সেই ১২০টি দেশে কেন্দ্রীভূত থাকবে, যেখানে বর্তমানে খ্রিষ্টানরা সংখ্যাগরিষ্ঠ।
এসব দেশে খ্রিষ্টান জনসংখ্যা প্রায় ৬৩ কোটি বাড়তে পারে, যা বিশ্বজুড়ে খ্রিষ্টান জনসংখ্যার সম্ভাব্য মোট বৃদ্ধির ৯২ শতাংশ।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




