থামছে না মৃত্যু: হামের টিকার বাইরে এখনো ১৯ লাখ শিশু

থামছে না মৃত্যু: হামের টিকার বাইরে এখনো ১৯ লাখ শিশু
হামের টিকা। ছবি: সংগৃহীত

হামের টিকাদান ক্যাম্পেইনের সাত মাস পেরিয়ে গেলেও থামছে না শিশু মৃত্যু। এখনো প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয়জন শিশু মারা যাচ্ছে। এছাড়া আক্রান্ত হচ্ছে হাজারেরও বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) তথ্য অনুযায়ী, দেশে এখনো হাম-রুবেলার টিকার আওতার বাইরে রয়েছে প্রায় ১৯ লাখ শিশু, যা মোট শিশুর আট শতাংশ।

তবে টিকা না পাওয়া শিশুর প্রকৃত সংখ্যা আরো বেশি বলে বিশেষজ্ঞদের ধারণা । তাদের মতে, টিকাদান কর্মসূচির অব্যবস্থাপনা এবং বিপুলসংখ্যক শিশু টিকার আওতার বাইরে থাকায় সংক্রমণের ঝুঁকি কমছে না। ফলে দীর্ঘ হচ্ছে লাশের সংখ্যা। এছাড়া টিকা না পাওয়া শিশুর সংখ্যা বাড়তে থাকলে কয়েক বছর পর আবার বড় আকারে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। কারণ, হাম প্রতিরোধে অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা জরুরি। এর কম হলে প্রয়োজনীয় ‘হার্ড ইমিউনিটি’ বা রোগ প্রতিরোধ সুরক্ষা গড়ে ওঠে না। অন্যদিকে টিকা দেওয়ার পরও অনেক শিশুর শরীরে পর্যাপ্ত রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হচ্ছে না। এ পরিস্থিতিতে রোগ নজরদারি ও রোগতাত্ত্বিক বিশ্লেষণ জোরদারের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

বারবার পিছিয়েছে টিকাদান কর্মসূচি

দেশে প্রথম হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু হয় ২০০৬ সালে। এরপর ২০১০, ২০১৪ ও ২০২০ সালে তিনটি ক্যাম্পেইন হয়। ২০২৪ সালে পরবর্তী ক্যাম্পেইনের কথা থাকলেও তা পিছিয়ে ২০২৫ সালে করার সিদ্ধান্ত হয়। শেষ পর্যন্ত সেটিও পিছিয়ে যায়। এর মধ্যে ২০২৩ থেকে ২০২৫ সাল প্রয়োজনের তুলনায় ৪২ শতাংশ কম টিকা কেনা হয়।

জানা গেছে, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর এক সভায় নিয়মিত ইপিআইয়ের টিকার ব্যয় উন্নয়ন বাজেটের পরিবর্তে রাজস্ব বাজেট থেকে মেটানোর সিদ্ধান্ত হয়। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেক্টর কর্মসূচি বাদ দিয়ে অধিকাংশ ব্যয় রাজস্ব খাতে নেওয়ার উদ্যোগ নেয়। এতে নির্ধারিত সময়ে টিকাদান ব্যাহত হয়। চলতি বছরের মার্চের মাঝামাঝি দেশে ব্যাপকভাবে হাম ছড়িয়ে পড়লে প্রথমে ৫ এপ্রিল ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলা ও পৌরসভায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়। পরে তা কয়েকটি সিটি করপোরেশনে সম্প্রসারণ করা হয়। পরবর্তী সময়ে ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত দেশব্যাপী চলে টিকাদান ক্যাম্পেইন।

ইপিআইয়ের নিয়মিত কর্মসূচিতে শিশুদের ৯ মাস বয়সে হামের প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। তবে প্রাদুর্ভাব মোকাবিলায় জাতীয় কারিগরি কমিটি শিশুদের ৯ মাস থেকে কমিয়ে ছয় মাস বয়স থেকেই টিকা দেওয়ার সুপারিশ করে। ইপিআইয়ের হিসাবে, ছয় মাস থেকে পাঁচ বছর বয়সি শিশুর সংখ্যা ১ কোটি ৮০ লাখ । এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেই টিকার ক্যাম্পেইন শুরু হয়।

অন্যদিকে, গত ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরুর পর একই বয়সসীমার শিশুদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি দেখা যায়। এ কর্মসূচিতে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সি ২ কোটি ২৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ভিটামিন ‘এ’ ও হাম-রুবেলার টিকাদান কর্মসূচিতে একই বয়সি শিশুদের সংখ্যার মধ্যে ব্যবধান হয় ৪৬ লাখ। ফলে দুই কর্মসূচির লক্ষ্যমাত্রায় বড় ধরনের এই ব্যবধান নিয়ে প্রশ্ন তৈরি হয়।

তবে গত ২৬ সেপ্টেম্বর ক্যাম্পেইনে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনতে বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। যা শেষ হয় গত ৩১ অক্টোবর। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, আগের টিকাদান কর্মসূচিতে প্রায় ৪৩ লাখ শিশু বাদ পড়েছে। পরে মপ-আপ ক্যাম্পেইন চালিয়ে ইতোমধ্যে আরো ১৯ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। ফলে বাকি রয়েছে ২৪ লাখ শিশু। এর সঙ্গে গত তিন মাসে ছয় মাস বয়স পূর্ণ করা আরো ১০ লাখ শিশু যুক্ত হয়েছে। সব মিলিয়ে ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ইপিআইয়ের তথ্য অনুযায়ী, গত ৪ নভেম্বর পর্যন্ত হাম-রুবেলার টিকা পেয়েছে ২ কোটি ১৬ লাখ ৫০ হাজার শিশু। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি এভং কভারেজ ১২০ শতাংশ। তবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে পাওয়া ২ কোটি ৩৫ লাখ শিশুর হিসাব ধরলে এখনো টিকার বাইরে রয়েছে প্রায় ১৯ লাখ শিশু।

টিকাদানে এগিয়ে ময়মনসিংহ, পিছিয়ে সিলেট

বিভাগভিত্তিক হিসাবে টিকাদানে সবচেয়ে এগিয়ে ময়মনসিংহ। এ বিভাগে টিকা পেয়েছে সাড়ে ১৬ লাখ শিশু। এছাড়া চট্টগ্রামে ৫৩ লাখ, রংপুরে ২৩ লাখ এবং ঢাকায় সাড়ে ৫৩ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে টিকা পেয়েছে ১০ লাখ ৬৯ হাজার ৯৬ শিশু। অন্যদিকে বরিশালে প্রায় ১৩ লাখ, রাজশাহীতে ২৪ লাখের বেশি, খুলনায় সাড়ে ১৮ লাখ এবং সিলেটে ১৫ লাখের বেশি শিশু টিকা পেয়েছে। তবে কোন জেলায় কত শিশু টিকা থেকে বাদ পড়েছে, সে তথ্য দিতে পারেনি ইপিআই।

ইপিআইয়ের এক সমীক্ষায় দেখা গেছে, হামে মারা যাওয়া শিশুদের ৯১ শতাংশ এবং নিশ্চিতভাবে আক্রান্তদের ৮০ শতাংশ কোনো এমআর টিকা নেয়নি। ছয় মাসের কম বয়সিদের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর হার যথাক্রমে ১০ শতাংশ এবং ২০ শতাংশ। ৬ থেকে ৯ মাস বয়সিদের ক্ষেত্রে এ হার যথাক্রমে ১৮ ও ৩১ শতাংশ। ৯ থেকে ১২ মাস বয়সিদের মধ্যে আক্রান্তের হার ১২ শতাংশ, মৃত্যুর হার ২৫ শতাংশ। এছাড়া এক থেকে পাঁচ বছর বয়সিদের মধ্যে আক্রান্তের হার ২৮ শতাংশ এবং মৃত্যুর হার ১৮ শতাংশ।

টিকা থেকে বাদ পড়া শিশুদের বিষয়ে ইপিআইয়ের উপপরিচালক ডা. মোহাম্মদ সাব্বির হায়দার আমার দেশকে বলেন, হামের টিকা দেওয়ার বয়স ছয় মাস। কোনো শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে সে টিকা নিতে পারবে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া।

তিনি বলেন, ছয় মাসের কম বয়সি অনেক শিশুও আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। এতে বোঝা যায়, তারা মায়ের কাছ থেকে প্রত্যাশিত রোগ প্রতিরোধক্ষমতা ও সুরক্ষা পাচ্ছে না। পুষ্টির ঘাটতিও থাকতে পারে। করোনাকালে টিকা থেকে বাদ পড়া কিশোরী-তরুণীদের অনেকে এখন মা হচ্ছেন। ফলে মাতৃ-অ্যান্টিবডির সুরক্ষা না পাওয়া নবজাতকরাও হামের ঝুঁকিতে পড়ছে।

মৃত্যু ও আক্রান্তে শীর্ষে ঢাকা বিভাগ

দেশে ২০২৫ সালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৩২। আগের বছরগুলোতে এই সংখ্যা ছিল যথাক্রমে ২০২৪ সালে ২৪৭, ২০২৩ সালে ২৮২ এবং ২০২২ সালে ৩১১। তবে ওই সময়ে মৃত্যুর রেকর্ড নেই। অন্যদিকে প্রায় নিঃশেষ হতে যাওয়া হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে এক হাজারের বেশি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম ও উপসর্গে গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত মোট মারা গেছে ১,২৮২ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের। বাকি ১,১৭৭ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। এ সময় পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৩ হাজার ২৮২ জন। বিশ্লেষণে দেখা গেছে, হাম ও হামের উপসর্গে আক্রান্তের শীর্ষে ঢাকা বিভাগে ১ লাখ ১৫ হাজার ৪৬ জন। আক্রান্তদের ৪৩.৭ শতাংশই ঢাকা বিভাগের।

এরপর চট্টগ্রাম ৫১ হাজার ২১০, বরিশালে ২৬ হাজার ৪২০, সিলেটে ২২ হাজার ১০৬, খুলনায় ১৬ হাজার ৭৮৭, রাজশাহীতে ১৩ হাজার ২০৫, ময়মনসিংহে ১৩ হাজার ২৫৭ এবং সিলেট বিভাগে আক্রান্ত হয়েছে ৫২৫১ জন। হাম ও হামের উপসর্গে মৃত্যুতেও শীর্ষে ঢাকা বিভাগ। এখানে মারা গেছে ৫৯৭ জন। যা মোট মৃত্যুর প্রায় ৪৬.৬ শতাংশ। এরপর সিলেটে ২০৯, চট্টগ্রামে ১২৪, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৯২, বরিশালে ৮৯, খুলনায় ৫৭ এবং রংপুরে ১৮ জন মারা গেছেন।

কেন নিয়ন্ত্রণে আসছে না?

গত মার্চের মাঝামাঝি দেশে শিশুদের মধ্যে মহামারি আকারে হাম ছড়িয়ে পড়ে। টিকাদানের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দিনদিন পরিস্থিতি আরো জটিল হয়েছে। ফলে হাম সারা জীবন থাকবে কি না এমন প্রশ্ন তুলছেন কেউ কেউ।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত টিকাদানে ঘাটতি, অপুষ্টি, ভিটামিন ‘এ’-এর অভাব, দেরিতে চিকিৎসা নেওয়া, প্রশাসনিক দুর্বলতা এবং নজরদারির অভাবে শিশুদের মৃত্যুঝুঁকি বেড়েছে। এছাড়া রাজনৈতিক পরিস্থিতি, স্বাস্থ্যকর্মীদের বারবার আন্দোলন, সতর্কসংকেতের পরও যথাযথ প্রস্তুতি না নেওয়া পরিস্থিতির জটিল পর্যায়ে চলে গেছে। সম্প্রতি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান বা আইইডিসিআরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে, টিকা দেওয়ার পরও অনেক শিশুর শরীরে অ্যান্টিবডি গড়ে ওঠেনি এবং টিকা ঠিকমতো কাজ করছে না।

এ ব্যাপারে টিকা বিশেষজ্ঞ ডা. তাজুল ইসলাম এ বারী বলেন, সমন্বয়হীনতার কারণে অনেক শিশু সময়মতো দুই ডোজ টিকা পায়নি। ছয় মাস বয়সে টিকা দিলে এর কার্যকারিতা ৫০ শতাংশ, আর ৯ মাস বয়সে তা প্রায় ৮৫ শতাংশ। তবে কোনো টিকাই শতভাগ কার্যকর নয়। তবে বর্তমান পরিস্থিতিতে ছয় মাস থেকে ১৫ বছর বয়সি সব শিশুকে টিকার আওতায় আনা উচিত।

তিনি বলেন, ভ্যাকসিন আমদানিতে আমাদের সব সময় বিদেশের ওপর নির্ভর করতে হয়। তাই টিকা কোল্ড চেইন মনিটরিং ও সংরক্ষণ ও পরিবহনসহ বিভিন্ন টিকাদান ব্যবস্থার যথেষ্ট দুর্বলতা রয়েছে। আবার সঠিক মান যাচাইয়ে কোনো ব্যবস্থা নেই। তাই টিকা ও টিকাদান ব্যবস্থা নিয়ে সরকারকে নতুন করে ভাবতে হবে।

শিশুরা টিকা নেওয়ার পরও কেন হামে আক্রান্ত হচ্ছে, তা নিয়ে গবেষণার তাগিদ দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন। তিনি বলেন, সময়মতো জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করে কার্যকর পদক্ষেপ নিলে অনেক শিশুদের প্রাণ বাঁচানো যেত। বিশ্বের কোথাও এমন মৃত্যু কিংবা সংক্রমণ দেখা যায়নি।

প্রশাসনিক অবহেলায় এই পরিস্থিতি : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময়ে হামের নিয়মিত টিকাদান কর্মসূচি কেন বন্ধ রাখা হয়েছিল এবং জরুরি টিকা কেন আমদানি করা হয়নি—সেই প্রশ্ন তুলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত জানিয়েছেন, এর পেছনে চরম প্রশাসনিক অবহেলা ও দায়িত্বহীনতা জড়িত। দায়ীদের চিহ্নিত করে জবাবদিহি নিশ্চিত করতে ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, কারা এমন দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নিয়েছিল এবং কেন প্রয়োজনীয় টিকা আমদানি করা হলো না, তা দেশবাসীর জানা জরুরি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন