সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

তিন বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন কুবির ছাত্র ইরফান

তিন বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন কুবির ছাত্র ইরফান
মোহাম্মদ ইরফান উল্লাহ। ছবি: আমার দেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রশিবিরের বিজ্ঞান অনুষদের সাবেক সেক্রেটারি মোহাম্মদ ইরফান উল্লাহ মারা গেছেন। ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর দীর্ঘ তিন বছর চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ইরফান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন সদস্য ছিলেন। সর্বশেষ তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বিজ্ঞান অনুষদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা যায়, ২০২৩ সালের ৯ নভেম্বর সকালে টিউশনিতে যাওয়ার পথে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন ইরফান। সাইকেলে যাওয়ার সময় ঢাকাগামী তিশা প্লাস পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর বাম হাত ভেঙে যায় এবং মাথা, নাক ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। চিকিৎসায় বিপুল অর্থ ব্যয় হয়। এ সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী, সিনিয়র-জুনিয়র ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর চিকিৎসায় সহযোগিতা করেন। দীর্ঘ চিকিৎসার পরও তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।

ইরফানের ভাই মহিবুল্লাহ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজকে ফজরের পরে আমার ভাই মারা গিয়েছে। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ওর কোনো আচরণে কষ্ট পেলে ওকে ক্ষমা করে দিবেন।’

তিনি জানান, ইরফানের দুটি জানাজা অনুষ্ঠিত হবে। একটি সোমবার বাদ জোহর চট্টগ্রাম শহরে এবং অন্যটি সন্ধ্যার পর তাঁর সাতকানিয়ার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজার নির্ধারিত সময় পরে জানিয়ে দেওয়া হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন