র‍্যাব কর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক

র‍্যাব কর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক

র‍্যাব ও সেনাবাহিনীর মেজর-কর্নেলসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পারভেজ বেপারী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পিরোজপুরের কাউখালী ও বাগেরহাটের মোংলা থানা পুলিশের অভিযানে গতকাল সোমবার বিকেলে মোংলা পৌর শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পারভেজ খুলনা সদর এলাকার ২৩ নম্বর রোডের সাখাওয়াত বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে মোংলা পৌর শহরের বনফুল মিষ্টির দোকানের সামনে কাউখালী ও মোংলা থানার পুলিশ অভিযান চালায়। কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) খায়রুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বিষয়টি নিশ্চিত করে জানান, কাউখালী থানার পুলিশ পারভেজের মোংলায় অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে মোংলা থানাকে অবহিত করে। পরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে কাউখালী থানার পুলিশ তাকে পিরোজপুরে নিয়ে গেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পারভেজ এআই প্রযুক্তি ব্যবহার করে নিজেকে র‍্যাব ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে জাহির করতেন। এভাবে পিরোজপুরের এক স্কুলছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তিনি। পরে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে এত দিন ধরে ওই কিশোরীকে যৌন নিপীড়ন ও ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। এমনকি দেশের বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা অবস্থানও করেন।

সম্প্রতি তার এই প্রতারণার বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী কিশোরীর মা নিলুফা বেগম বাদী হয়ে কাউখালী থানায় মামলা করেন। মামলার পর পারভেজ খুলনা থেকে পালিয়ে মোংলায় গিয়ে আত্মগোপন করেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সাহায্যে তার মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

কাউখালী থানার ওসি আনোয়ার হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধানে পারভেজের বিরুদ্ধে একই কৌশলে একাধিক নারীর সঙ্গে প্রতারণার তথ্য পাওয়া গেছে। এই প্রতারণাচক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন