কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশরি’ প্রকাশ

কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশরি’ প্রকাশ

ভালোবাসা, অপেক্ষা ও বিরহের আবেগকে কেন্দ্র করে নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ‘পাতার বাঁশরি’ শিরোনামের গানটি চতুর্থ মৌসুমের তৃতীয় পরিবেশনা হিসেবে শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

গানটির কথা ও সুর করেছেন ইশান। সংগীত পরিচালনা করেছেন আদিত রহমান। এতে কণ্ঠ দিয়েছেন ইশান ও সুনিধি নায়েক।

‘পাতার বাঁশরি’ মূলত প্রেমের অনুভূতিকে ঘিরে নির্মিত একটি গান। এতে একজন প্রেমিক প্রিয় মানুষের বাঁশির সুরে বারবার ভালোবাসার টান অনুভব করেন। দূরে সরে যাওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত ভালোবাসার কাছেই ফিরে আসার গল্প উঠে এসেছে গানের কথায়। পাশাপাশি অপেক্ষা, না বলা অনুভূতি ও বিরহের আবেগও স্থান পেয়েছে এতে।

গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়ে। গানের আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে বেছে নেওয়া এই লোকেশন ভিডিওতে যোগ করেছে নান্দনিকতা। প্রাচীন স্থাপনা ও প্রাকৃতিক পরিবেশ প্রেমের গল্পকে আরও প্রাণবন্তভাবে তুলে ধরেছে।

গানটিতে প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা, দূরে থাকার বেদনা এবং ভালোবাসার সূক্ষ্ম অনুভূতিগুলো সহজ ভাষায় প্রকাশ করা হয়েছে। কথা, সুর ও দুই শিল্পীর কণ্ঠের সমন্বয়ে প্রেম ও বিরহের আবেগকে ফুটিয়ে তোলা হয়েছে, যা শ্রোতাদের নিজেদের ভালোবাসার স্মৃতিও মনে করিয়ে দিতে পারে বলে মনে করছেন সংগীতসংশ্লিষ্টরা।

‘পাতার বাঁশরি’ গানটি কোক স্টুডিও বাংলার অফিসিয়াল চ্যানেল এবং বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে উপভোগ করা যাচ্ছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন