মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সমাধানের লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুখোমুখি আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। গতকাল শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় বহুল প্রত্যাশিত এ বৈঠক সেরেনা হোটেলে শুরু হয়। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর দুদেশের মধ্যে এটাই সর্বোচ্চ পর্যায়ের আলোচনা। দুপক্ষের প্রতিনিধিরা প্রথমে পরোক্ষ আলোচনা শুরু করলেও পরে মুখোমুখি আলোচনায় বসেন, যেখানে যুক্তরাষ্ট্র, ইরান এবং পাকিস্তানের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে সভাপতিত্ব করেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, সম্পদ ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর ইরান আলোচনায় অংশ নিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র এ বিষয়ে সম্মত হয়েছে কি না, তা জানায়নি। ইসলামাবাদ আলোচনা শুরুর আগে বার্তা সংস্থা রয়টার্স ইরানের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, কাতার এবং অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ ইরানের সম্পদ ছাড় করার বিষয়ে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। তবে বিষয়টি নজরে আসার পর হোয়াইট হাউস তা অস্বীকার করে।
সরাসরি আলোচনার প্রথম ধাপ শেষ হওয়ার পর আজ রোববারও তা চালিয়ে নেওয়ার চেষ্টা করছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। আলজাজিরা জানিয়েছে, উভয়পক্ষ যাতে আলোচনা আরো একদিন চালিয়ে যায়, সেজন্য পাকিস্তানের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। এতে এমন কিছু বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে, যা দুপক্ষকে চুক্তির দিকে নিয়ে যেতে পারে। প্রথম দফার আলোচনায় দুপক্ষ সে পর্যায়ে পৌঁছেনি। পাকিস্তানি কূটনীতিকরা বলছেন, তারা এখনো আশাবাদী এবং উভয়পক্ষকে আরো ছাড় দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছে, কিন্তু এটি সম্পূর্ণ নির্ভর করবে ইরান ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বের ওপর।
আলোচনায় অংশ নিতে গত শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায় ইরানি প্রতিনিধিদল আর শনিবার সকালে পৌঁছায় মার্কিন প্রতিনিধিদল। ইসলামাবাদে পৌঁছালে উভয় দেশের প্রতিনিধিদের লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। তবে এ আলোচনা কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে এখনো সংশয় রয়ে গেছে। কারণ, যুক্তরাষ্ট্র ও ইরান নিজ নিজ দাবিতে অনড়। বিশেষ করে লেবাননে ইসরাইলের হামলা, ইরানের অর্থছাড় এবং হরমুজ প্রণালি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ইরান দাবি করছে, আলোচনা শুরুর আগেই তাদের অর্থছাড়ের বিষয়ে নিশ্চয়তা দিতে হবে এবং আলোচনায় লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মূল উদ্বেগ হলো, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করা। খবর বিবিসি, আলজাজিরা ও সিএনএনের।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সময় গত বুধবার (৮ এপ্রিল) ভোরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে তার কথোপকথনের ভিত্তিতে তিনি ইরানের ওপর বোমা হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করছেন। ইরানের ওপর বেঁধে দেওয়া নির্ধারিত সময়সীমার মাত্র এক ঘণ্টা ২৮ মিনিট বাকি ছিল। তিনি হুমকি দিয়েছিলেনÑপুরো সভ্যতার অবসান ঘটবে।
এদিকে, এ শান্তি আলোচনাকে কেন্দ্র করে ইসলামাবাদে নিরাপত্তাব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। কার্যত রাজধানীজুড়ে লকডাউন পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, পুলিশ, সেনাবাহিনী ও বিশেষ কমান্ডো বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
ইসলামাবাদে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক আলোচনা শুরু হয়েছে, ঠিক সে মুহূর্তে প্রথমবারের মতো হরমুজ প্রণালি অতিক্রম করেছে মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ। সংঘাতের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধজাহাজ হরমুজ অতিক্রম করল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর দুটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার হরমুজ অতিক্রম করেছে।
দুপক্ষে নেতৃত্ব দিচ্ছেন যারা
ইসলামাবাদে আলোচনায় মার্কিন দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে আছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার। এছাড়া এই দলে শতাধিক সদস্য রয়েছেন। অন্যদিকে ইরানের ৭১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। প্রতিনিধিদলে আরো আছেনÑপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলি আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং কয়েকজন আইনপ্রণেতা। ইসলামাবাদে পৌঁছানো ইরানি প্রতিনিধিদলের বিমানের নাম ‘মিনাব ১৬’। বিমানটিতে মিনাব স্কুলে হামলায় নিহত শিক্ষার্থীদের ছবি ও স্মৃতি বহন করে আনে ইরানি প্রতিনিধিদলটি।
যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে শাহবাজ শরিফের পৃথক বৈঠক
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে গতকাল মূল আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেন। এ সময় ভ্যান্সের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও উপস্থিত ছিলেন। এছাড়া দিনের শুরুতে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে একটি প্রতিনিধিদলও শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সঙ্গে শাহবাজ শরিফের বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
ইরানে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে চীন
আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীন ইরানে নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। মার্কিন গোয়েন্দা সংস্থার এখাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএন এ তথ্য তুলে ধরেছে। এক মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলার পর পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলছে।
মার্কিন গোয়েন্দাদের দাবি, ইরান হয়তো যুদ্ধবিরতিকে সুযোগ হিসেবে ব্যবহার করছে। যুদ্ধবিরতির এ সময়ে নিজেদের গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদারদের সহায়তায় ইরান হয়তো কিছু নির্দিষ্ট অস্ত্র আবার মজুত করছে। এছাড়া প্রকৃত উৎস আড়াল করতে বেইজিং তাদের অস্ত্রের চালান তৃতীয় দেশের মাধ্যমে ইরানে পাঠানোর ব্যবস্থা করছে বলে গোয়েন্দা তথ্যে দাবি করা হয়েছে।
শর্ত পূরণ না হলে আলোচনা বাতিল : ইরানি টেলিভিশন
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বারবার একটি কথা বলা হচ্ছে, তাহলোÑ তেহরানের শর্তগুলো পূরণ না হলে আলোচনা বাতিল হয়ে যেতে পারে। তিনি বলেন, ইরানের স্বার্থ রক্ষা হয় না এমন আলোচনা থেকে সরে আসাও ইরানের জন্য এক ধরনের কূটনৈতিক সাফল্য। ইসলামাবাদ থেকে ওই প্রতিবেদক এ তথ্য জানান।
যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই : ইরানের স্পিকার
ইরানের প্রতিনিধিদলের প্রধান ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, আমাদের প্রতিনিধিদল আশাবাদী, তবে তারা মার্কিন প্রতিপক্ষকে বিশ্বাস করছে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে কালিবাফ বলেন, আমাদের সদিচ্ছা আছে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র যদি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে, তবে ইরানও প্রস্তুত হবে। মূলত এর আগে কয়েকবার আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়; ফলে ওয়াশিংটনকে ইরান আর বিশ্বাস করে না।
ইরানে আটক মার্কিনিদের মুক্তি চাইতে পারে যুক্তরাষ্ট্র
ইসলামাবাদ শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানে আটক থাকা মার্কিন নাগরিকদের মুক্তির দাবি তুলতে পারে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বলা হয়, ইসলামাবাদে বৈঠকে এ বিষয়টি আলোচনায় আসতে পারে। তবে যুক্তরাষ্ট্র কতটা জোরালোভাবে এ দাবি তুলবে, তা এখনো স্পষ্ট নয়। আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করে বিষয়টি অগ্রাধিকার কমও পেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস বা ইরান।
ইরানে ইন্টারনেট বন্ধের ১০০০ ঘণ্টা পেরোল
ইরানের সাধারণ মানুষ এক হাজার ঘণ্টারও বেশি সময় ধরে ইন্টারনেট সংযোগ ছাড়াই দিন কাটাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই দেশটির বেশিরভাগ অংশ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন। সে হিসেবে এ ব্ল্যাকআউট এখন ৪০ দিনেরও বেশি সময় ধরে চলছে। যারা আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহার করতে পারছেন, তাদের অনেককে অত্যন্ত বেশি খরচ দিয়ে বিকল্প উপায়ে সংযোগ নিতে হচ্ছে।
ট্রাম্পের দাবি, ইরান বড়ভাবে হেরেছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এক পোস্টে দাবি করেছেন, ইরান চলমান সংঘাতে বড়ভাবে হেরেছে। এমন সময় তিনি এ মন্তব্য করলেন, যখন যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছেন।
অন্য আর এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি পরিষ্কার করার কাজ শুরু করেছে। ওই পোস্টে ট্রাম্প বলেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এখন একমাত্র ঝুঁকি হলো, কোনো জাহাজ ইরানের পাতা সমুদ্র মাইনে আঘাত পেতে পারে।
মধ্যস্থতা অব্যাহত রাখবে পাকিস্তান : শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদের ভূমিকা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল ইসলামাবাদে ইরানের সঙ্গে আলোচনার পর তিনি এ অভিব্যক্তি ব্যক্ত করেন। ইসলামাবাদে চলমান এ আলোচনায় পাকিস্তান উভয় পক্ষের মধ্যে সংলাপ এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা রাখছে বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী।
মধ্যস্থতার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় পাকিস্তান
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা ঘিরে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যে পাকিস্তান নিজেকে একটি কার্যকর মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধি মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে ইসলামাবাদের সুসম্পর্কই এ ভূমিকায় এগিয়ে আসার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে।
লোধির মতে, কেবল সম্পর্কই নয়—মধ্যস্থতার ক্ষেত্রে পাকিস্তানের রয়েছে বাস্তব অভিজ্ঞতাও। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন দোহা চুক্তির কথা। যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পথ সুগম হয়। তিনি আরো বলেন, পাকিস্তান তার কূটনৈতিক দক্ষতা, বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং কৌশলগত ভূরাজনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে এ আলোচনায় ইতিবাচক ভূমিকা রাখতে চায়।
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১০
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির দিন থেকেই লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। হামলায় ওইদিনই বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে। এরপর থেকে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সর্বশেষ ইসরাইলি বিমান হামলায় গতকাল পৃথক স্থানে ১০ জন মারা যাওয়ার কথা জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ)। সংবাদ সংস্থাটি জানিয়েছে, নাবাতিয়া জেলার কাফার সির শহরে ইসরাইলি বিমান হামলায় একজন প্যারামেডিকসহ চারজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

