শেবাচিমে মেঝে-বারান্দায়ও রোগী, স্বাস্থ্যকর্মী অপ্রতুল

নিকুঞ্জ বালা পলাশ, বরিশাল

শেবাচিমে মেঝে-বারান্দায়ও রোগী, স্বাস্থ্যকর্মী অপ্রতুল

হাজার শয্যার হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে প্রায় ৩ হাজার রোগী। সিট না পেয়ে কারো ঠাঁই হচ্ছে মেঝেতে, কারো বারান্দায়। চিকিৎসক ও নার্সদের সীমিত জনবল দিয়ে সামাল দিতে হচ্ছে কয়েক গুণ বেশি রোগীর চাপ। প্রয়োজনীয় ওষুধের সংকটের পাশাপাশি রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা করাতেও ভোগান্তিতে পড়ছে রোগী ও তাদের স্বজনেরা। দক্ষিণাঞ্চলের কোটি মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিত্র এটি।

৫০০ শয্যা নিয়ে যাত্রা শুরু করা হাসপাতালটি ১ হাজার শয্যায় উন্নীত হলেও সে অনুযায়ী বাড়েনি অবকাঠামো ও জনবল। ফলে প্রতিদিনই বাড়ছে চিকিৎসাসেবার ওপর চাপ। এই পরিস্থিতিতে হাসপাতালটিকে আড়াই হাজার শয্যায় উন্নীত করার দাবিতে চলতি মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে কর্তৃপক্ষ। এর আগেও একাধিকবার চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান মেলেনি।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্র জানায়, দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান এই সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানে বরিশালসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রতিদিন রোগীরা আসে উন্নত চিকিৎসার আশায়। কিন্তু রোগীর বিপুল চাপের বিপরীতে শয্যা, চিকিৎসক, নার্স, পরীক্ষা-নিরীক্ষার সুবিধা ও অন্যান্য জনবলের ঘাটতি রয়েছে। হাসপাতালটির অনুমোদিত শয্যাসংখ্যা ১ হাজার হলেও প্রতিদিন গড়ে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার রোগী ভর্তি থাকে। অর্থাৎ, অনুমোদিত শয্যার প্রায় তিন গুণ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। এতে শয্যা ব্যবস্থাপনা, রোগীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং চিকিৎসাকর্মীদের পক্ষে প্রত্যেক রোগীকে পর্যাপ্ত সময় দেওয়া কঠিন হয়ে পড়েছে।

শয্যা না পেয়ে অনেক রোগীকে হাসপাতালের মেঝে ও বারান্দায় মাদুর বিছিয়ে থাকতে হচ্ছে। বিশেষ করে গুরুতর অসুস্থ, বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল রোগীদের জন্য এ পরিস্থিতি বাড়তি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রোগীর চাপ বেশি থাকলে মেঝেতেও জায়গা দেওয়া সম্ভব হয় না। তখন হাসপাতালের বারান্দা ও চলাচলের পথেও রোগীদের থাকতে হচ্ছে।

হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, ১ হাজার শয্যার বিপরীতে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ৩২৩টি। বর্তমানে কর্মরত আছেন ২৩৬ জন। শূন্য রয়েছে ৮৭টি পদ। রেজিস্ট্রারের ৪৯টি পদের বিপরীতে কর্মরত ৩৫ জন, শূন্য পদ ১৪টি। সহকারী রেজিস্ট্রারের ৯৬টি পদের বিপরীতে কর্মরত ৭৪ জন, শূন্য পদ ২২টি। সহকারী মেডিকেল অফিসারের ২২টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ১০ জন। শূন্য রয়েছে ১২টি পদ। ইমার্জেন্সি মেডিকেল অফিসারের ১০টি পদের বিপরীতে কর্মরত চারজন, শূন্য পদ ছয়টি।

নার্স ও কর্মচারীদের ক্ষেত্রেও রয়েছে জনবল সংকট। সিনিয়র স্টাফ নার্সের ১ হাজার ৬২টি পদের বিপরীতে কর্মরত আছেন ১ হাজার ৪ জন। শূন্য রয়েছে ৫৮টি পদ। তৃতীয় শ্রেণির কর্মচারীর ১৬১টি পদের মধ্যে কর্মরত ৮৭ জন, শূন্য ৭৪টি। আর চতুর্থ শ্রেণির ৪৩৩টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২০৯ জন। এ পদে শূন্য রয়েছে ২২৪টি। এসব শূন্য পদে জনবলের ঘাটতি সামাল দিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে ২২২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের দায়িত্বশীল এক কর্মকর্তা আমার দেশকে বলেন, প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে দুই থেকে তিন হাজার রোগী চিকিৎসা নিতে আসে। তাদের সেবা দিতে দায়িত্ব পালন করছেন মাত্র ৪০ জন চিকিৎসক। সে হিসেবে একজন চিকিৎসককে প্রতিদিন গড়ে ৭০ থেকে ৭৫ জন রোগী দেখতে হয়। একজন রোগীকে প্রয়োজনীয় সময় দিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও রোগ নির্ণয় করতে অন্তত ১৫ মিনিট প্রয়োজন হলেও বাস্তবে চিকিৎসকেরা রোগীপ্রতি চার থেকে পাঁচ মিনিটের বেশি সময় দিতে পারছেন না। এত অল্প সময়ে যথাযথভাবে রোগ নির্ণয় ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া কঠিন হয়ে পড়ে।

তিনি আরো বলেন, হাসপাতালে প্রতিদিন গড়ে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার রোগী ভর্তি থাকেন। অথচ শয্যা রয়েছে মাত্র ১ হাজার। ফলে বাকি রোগীদের একই কক্ষে গাদাগাদি করে মেঝেতে থাকতে হচ্ছে। কোনো কোনো সময় রোগীর চাপ এত বেশি থাকে যে মেঝেতেও জায়গা দেওয়া সম্ভব হয় না, তখন মানবিক বিবেচনায় বারান্দা ও চলাচলের পথেও মাদুর বিছিয়ে রোগীদের রাখার ব্যবস্থা করতে হয়। সীমিতসংখ্যক চিকিৎসক, নার্স ও কর্মচারী দিয়ে এত রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এতে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগী ও তাদের স্বজনেরা।

ওই কর্মকর্তা জানান, রোগীর সংখ্যা অনুমোদিত ধারণ ক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি হওয়ায় চিকিৎসাসেবার পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা ও ওষুধ সরবরাহেও ঘাটতি দেখা দিচ্ছে। ১ হাজার শয্যার বিপরীতে সরকার যে পরিমাণ অর্থ ও ওষুধ বরাদ্দ দেয়, তা দিয়ে ৩ হাজার রোগীর চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে বরাদ্দের ওষুধ ভাগ করে দিতে হচ্ছে তিন গুণ রোগীর মধ্যে। এতে প্রয়োজনীয় ওষুধের একটি অংশ রোগীরা হাসপাতাল থেকে পাচ্ছেন না। বাধ্য হয়ে তাদের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। একইভাবে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয় উপকরণ ও জনবলের অভাবে রোগ নির্ণয় কার্যক্রমও ব্যাহত হচ্ছে। পরীক্ষার মান নিয়েও প্রশ্ন থেকে যায়।

এ বিষয়ে হাসপাতালের সিনিয়র ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট ডা. আশিক দত্ত আমার দেশকে বলেন, ১ হাজার শয্যার হাসপাতালের জন্য অনুমোদিত জনবল দিয়েই ৩ হাজার রোগীর পরীক্ষা-নিরীক্ষার চাপ সামলাতে হচ্ছে। প্যাথলজি বিভাগে প্রায় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকলেও টেকনোলজিস্টের অনুমোদিত পদ মাত্র ১০টি। এর মধ্যে একটি পদ খালি। অথচ বর্তমান রোগীর চাপ সামাল দিতে অন্তত তিন গুণ জনবল প্রয়োজন।

তিনি বলেন, বিদ্যমান জনবল দিয়ে স্বাভাবিকভাবে একটি শিফট চালু রাখা সম্ভব। কিন্তু রোগীর চাপের কারণে বাধ্য হয়ে দুই থেকে তিন শিফটে কাজ করতে হচ্ছে। এতে দায়িত্ব পালনকারীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। অনেক সময় পরীক্ষার ফল পেতে দেরি হবে বুঝতে পেরে আর্থিকভাবে সচ্ছল রোগীরা বাইরে থেকে পরীক্ষা করিয়ে নেন। হাসপাতাল থেকে যে সেবা পাওয়ার কথা, জনবল সংকটের কারণে অনেক রোগী তা পাচ্ছেন না বলে অকপটে স্বীকার করেন তিনি।

এদিকে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের প্রত্যাশা থাকে স্বল্প ব্যয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ পাওয়া। কিন্তু শেবাচিম হাসপাতালে ওষুধের ঘাটতি সেই প্রত্যাশা পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে। হাসপাতাল সূত্র জানায়, ১ হাজার শয্যার বিপরীতে সরকারিভাবে যে পরিমাণ ওষুধ সরবরাহ করা হয়, তা ৩ হাজার রোগীর মধ্যে বিতরণ করতে হচ্ছে। ফলে প্রয়োজনের তুলনায় কম ওষুধ পাচ্ছেন রোগীরা। বাধ্য হয়ে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে তাদের। মধ্যবিত্ত ও সচ্ছল পরিবারের জন্য এ ব্যয় কিছুটা সামাল দেওয়া সম্ভব হলেও দরিদ্র ও নিম্ন আয়ের রোগীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে।

হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা নাজমা বেগম আমার দেশকে বলেন, মাথাব্যথার চিকিৎসা নিতে তিনি হাসপাতালে এসেছেন। সকাল ৭টায় এসে লাইনে দাঁড়ানোর পর বেলা ১১টার দিকে সিরিয়াল পেয়েছেন। এর পরও কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাননি।

বরগুনা থেকে চিকিৎসা নিতে আসা আনোয়ার মিঞা বলেন, বরিশালের সবচেয়ে বড় হাসপাতাল হলেও এখানে শয্যা পাওয়া যায় না। তিন দিন ধরে হাসপাতালের বারান্দায় মাদুর বিছিয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। দিনে একবার চিকিৎসকের দেখা মিললেও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না। বারান্দায় অবস্থান করায় নার্সরাও নিয়মিত খোঁজখবর নিচ্ছেন না। এত বড় হাসপাতালে এ ধরনের চিকিৎসাব্যবস্থা কারো কাম্য নয় বলে আক্ষেপ করেন তিনি।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর আমার দেশকে বলেন, ১ হাজার শয্যার হাসপাতালে প্রতিদিন প্রায় তিন গুণ রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে। সীমিত জনবল ও বরাদ্দ দিয়ে এত বিপুলসংখ্যক রোগীর সেবা দিতে হচ্ছে। ফলে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। এর পরও হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে।

তিনি বলেন, উন্নত চিকিৎসার আশায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা ছাড়াও আশপাশের এলাকা থেকে রোগীরা এই হাসপাতালে আসে। এ কারণে ধারণক্ষমতার তুলনায় রোগীর চাপ অনেক বেশি। পরিস্থিতি বিবেচনায় হাসপাতালটিকে ২ হাজার ৫০০ শয্যায় উন্নীত করার জন্য ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করা হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তারা আশাবাদী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...