জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে বাদশা (২৭) নামে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামালগঞ্জ ফিলিং স্টেশনের ম্যানেজারসহ দুজনকে আটক করেছে পুলিশ। একই ঘটনায় মাজেদুল ইসলাম (১৯) নামে আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন।
নিহত বাদশা ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের নলপুকুর গুচ্ছগ্রামের বাসিন্দা জামালের ছেলে। আহত মাজেদুল ইসলামও একই এলাকার বাসিন্দা।
আটক ব্যক্তিরা হলেন জয়পুরহাট সদর উপজেলার জামালগঞ্জ ফিলিং স্টেশনের ম্যানেজার আজিমুল হক এবং ওই ফিলিং স্টেশনের কর্মচারী সাইফুল ইসলাম সজীব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে জামালগঞ্জ ফিলিং স্টেশনে চুরি কিংবা অবৈধভাবে প্রবেশের সন্দেহে বাদশা ও মাজেদুল ইসলামকে আটক করা হয়। এরপর তাঁদের একটি পোল্ট্রি খামারে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতভর তাঁদের মারধর ও নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের একপর্যায়ে দুই তরুণ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে তাঁদের হাত-পা বেঁধে ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর পদ্মপুকুর এলাকার সড়কের পাশে ফেলে রেখে যাওয়া হয়।
শনিবার ভোরে স্থানীয় কয়েকজন মাছ শিকারি সড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় দুই তরুণকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। এ সময় বাদশাকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত মাজেদুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
আহত মাজেদুল ইসলাম বলেন, তাঁদের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হলেও তাঁরা বারবার তা অস্বীকার করেন। এরপরও তাঁদের ওপর নির্মমভাবে নির্যাতন চালানো হয় এবং চুরির কথা স্বীকার করার জন্য চাপ দেওয়া হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ভোরে জ্ঞান ফিরলে পাশে বাদশার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন জানান, বাদশা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে জামালগঞ্জ ফিলিং স্টেশনের ম্যানেজার আজিমুল হক ও কর্মচারী সাইফুল ইসলাম সজীবকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

