ভিডিও ভাইরাল, আটক ২

চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন
গাছে বেঁধে নির্যাতন। ডানে অভিযুক্ত নির্যাতনকারী দুজন। ছবি: আমার দেশ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার বিকেলে নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলা পুলিশের নজরে আসে এবং টংগিবাড়ী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। উপজেলার নিতিরা গ্রামে মতিউর রহমান মাঝির বাড়ির সামনে থেকে নির্যাতিত কিশোর মো. শাহিনকে (১৪) উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিজ্ঞাপন

থানার সেকেন্ড অফিসার এসআই রবিউল ইসলাম জানান, রোববার সকাল ৬টায় ওই এলাকার একটি বসতঘর থেকে একটি রিয়েলমি মোবাইল চুরি হয়। চোর সন্দেহে শাহিনকে গাছে বেঁধে রাখা হয়। পরে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ২৬ জুলাই রাতে পুলিশ অভিযান চালায়।

শাহিন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বোয়ালী গ্রামের আজগর আলীর ছেলে। বর্তমানে সে টঙ্গিবাড়ীর নিতিরা গ্রামে গণি শেখের বাড়িতে ভাড়া থাকে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মতিউর রহমান মাঝি (৫০) ও উজ্জ্বল মাঝিকে (৪৫) আটক করা হয়েছে।

টঙ্গিবাড়ী থানার পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন