প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার শিক্ষক সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সম্পন্ন হওয়ার পর তাদের দুই মাসের প্রশিক্ষণে পাঠানো হবে। প্রশিক্ষণ শেষে তাদের শ্রেণিকক্ষে পাঠানো হবে।
সোমবার দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ শহরের পিটিআই ভবনে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জে শিক্ষকের সংকট প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, সুনামগঞ্জ একটি হাওর এলাকা। হাওর এলাকায় ক্যাচমেন্টভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়। ফলে চাইলেই সাতক্ষীরা থেকে শিক্ষক এনে সুনামগঞ্জে নিয়োগ দেওয়া সম্ভব নয়। কারণ সেখানেও ক্যাচমেন্টভিত্তিক শিক্ষক নিয়োগের ব্যবস্থা রয়েছে। হাওর এলাকার শিক্ষক সংকট নিয়ে সরকার কাজ করছে। তবে এ সমস্যা সমাধানে সময় লাগবে। কারণ সমস্যাটির গোড়া থেকে সমাধান করতে হবে।
স্কুল ফিডিং কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের সপ্তাহে পাঁচ দিন ভিন্ন ভিন্ন খাবার দেওয়া হয়। এ কর্মসূচিতে কোথাও অনিয়ম হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম, সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক মো. আবুল আমিন, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান ও পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

