অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

মাটিরাঙ্গার সীমান্তে বিজিবির সঙ্গে অস্ত্র চোরাকারবারিদের গোলাগুলি

 মাটিরাঙ্গার সীমান্তে বিজিবির সঙ্গে অস্ত্র চোরাকারবারিদের গোলাগুলি
ছবি: আমার দেশ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারিদের গোলাগুলির ঘটনায় চারটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার গভীর রাতে যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) একটি টহল দল উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

বিজ্ঞাপন

যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৩টায় টহল দল চোরাকারবারিদের অবস্থান শনাক্ত করে। পরে ঘটনাস্থল তল্লাশি করে চারটি পিস্তল (দুটি বিদেশি ও দুটি দেশীয়), ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সামগ্রী, ভারতীয় ১ হাজার ৬০০ রুপী জব্দ করে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল নিয়ে ফেরার সময় সশস্ত্র চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে আকস্মিক গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলির পর চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় উভয় পক্ষের কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।

বিজিবির অধিনায়ক জানান, যামিনীপাড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচারের সম্ভাব্য রুটগুলো শনাক্ত করে বিজিবি নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন