জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ বলেছেন, গোলাম মোস্তফা রফিক ছিলেন সবার অত্যন্ত প্রিয় একজন মানুষ। তিনি একাধারে রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দেশ ও জনগণের কল্যাণে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।
গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জি কে গউছ আরও বলেন, বিএনপির কঠিন সময়ে গোলাম মোস্তফা রফিক দলের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে হবিগঞ্জবাসী একজন গুণী, সাহসী ও নিবেদিতপ্রাণ মানুষকে হারিয়েছে। তার অবদান ও স্মৃতি মানুষের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবে।
শোকসভায় বক্তারা গোলাম মোস্তফা রফিকের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—স্থানীয় ‘দৈনিক প্রতিদিনের বাণী’ সম্পাদক মোহাম্মদ শাবান মিঞা, ‘আমার দেশ’-এর আবাসিক সম্পাদক অলিউল্লাহ নোমান, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, কবি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামছুল হুদা, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, কবি সিদ্দিকী হারুন ও তোফাজ্জল সোহেল প্রমুখ।
উক্ত নাগরিক শোকসভায় জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

