এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
ছবি: সংগৃহীত।

সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ১৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে সাত হাজার ১২১ জন আবাসন আইন, তিন হাজার ৬৩৬ জন সীমান্ত নিরাপত্তা এবং তিন হাজার ৪০৮ জন শ্রম আইন লঙ্ঘনকারীকে আটক করা হয়। এরমধ্যে ১২ হাজার ৩৬৩ জনকে সৌদি আরব থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ভ্রমণ নথি সংগ্রহের জন্য ১৮ হাজার ৯৩৭ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে এবং ভ্রমণ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আরো তিন হাজার ২৪০ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে এক হাজার ৩১৫ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপীয়, ৪১ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় আরো ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিবাসন আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানে সহায়তার অভিযোগে ২১ জনকেও আটক করা হয়েছে। বর্তমানে ২৯ হাজার ৭৭৩ জন প্রবাসী আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, অবৈধ প্রবেশে সহায়তা, পরিবহন বা আশ্রয় দেওয়ার মতো অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ কাজে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও জব্দ করা হতে পারে।

সূত্র: গালফ নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন