বিশ্বকাপের হতাশা, অবসর নিয়ে জল্পনা আর পোকার খেলাকে ঘিরে তীব্র সমালোচনা—সবকিছু মিলিয়ে গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নেইমার জুনিয়র। তবে সব বিতর্কের জবাব যেন দিলেন মাঠেই। সান্তোসের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান এই তারকা, যার সুবাদে ব্রাজিলেইরো সিরি ‘এ’-তে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সান্তোস।
রোববারের ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলেন নেইমার। বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে নেমে মোটে ৩৫ মিনিট খেলার সুযোগ পাওয়া এই ফরোয়ার্ড ক্লাবের হয়ে পুরো ৯০ মিনিট খেলেই নিজের ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন।
ম্যাচের ৩৬তম মিনিটে সতীর্থের সঙ্গে দারুণ ওয়ান-টু পাস খেলে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে আলতো শটে গোলের খাতা খোলেন নেইমার। গোলের পর উদযাপনেও ছিল বিশেষ বার্তা। সম্প্রতি তাকে ঘিরে তৈরি হওয়া পোকার বিতর্কের ইঙ্গিত দিয়ে পোকার খেলার ভঙ্গিতে উদযাপন করেন তিনি।
তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় চ্যাপেকোয়েন্স। ৫১ ও ৬২ মিনিটে পরপর দুটি গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। ম্যাচ হারার শঙ্কায় থাকা সান্তোস শেষ মুহূর্তে পেনাল্টি পায়। ৮৯তম মিনিটে স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে হার থেকে রক্ষা করেন নেইমার।
বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক অভিযানের পর থেকেই নেইমারকে ঘিরে আলোচনা থামছে না। চোট কাটিয়ে দলে ফিরলেও কোচ কার্লো আনচেলত্তির অধীনে তিনি খেলতে পেরেছিলেন মাত্র দুটি ম্যাচে, তাও বদলি হিসেবে। শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের হারে ব্রাজিল বিদায় নেয়। সেই ম্যাচে শেষদিকে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেছিলেন নেইমার।
বিশ্বকাপ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দেন, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নতুন করে জল্পনার জন্ম দেয়। এরপর নিউইয়র্কে একটি পোকার টুর্নামেন্টে অংশ নেন তিনি। দেশে ফিরে সাও পাওলোতে আরেকটি পোকার প্রতিযোগিতায় অংশ নেওয়ায় সমালোচনা আরও তীব্র হয়।
সমালোচনার জবাবে সম্প্রতি নেইমার বলেন, ‘আমি এখানে দ্বিতীয় অনুশীলন সেশনের প্রস্তুতি নিচ্ছিলাম, তখন শুনলাম সবাই আমার পোকার খেলা নিয়ে কথা বলছে। সকালে আমি অনুশীলন করেছি, তারপর আমার ছুটির সময়টুকু উপভোগ করেছি। মানুষ তো কথা বলবেই। আমি শুধু অনুশীলনে মন দিতে চাই। আমি কি অনুশীলন করতে পারব, নাকি সবাই এভাবেই আমার পেছনে লেগে থাকবে? নিজেদের জীবন নিয়ে ভাবুন।’
সমালোচনার পর মাঠে ফিরে জোড়া গোল করে নেইমার বুঝিয়ে দিলেন, উত্তর দেওয়ার সবচেয়ে কার্যকর উপায় এখনও তার কাছে পারফরম্যান্সই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-e18d00.webp)