উত্তর আমেরিকা বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র কয়েক দিনের মাথায় আবারও মাঠে ফেরার সুযোগ থাকলেও এবার সেই ঝুঁকি নিচ্ছেন না লিওনেল মেসি। চলতি সপ্তাহে অনুষ্ঠিতব্য মেজর লিগ সকারের (এমএলএস) অলস্টার ম্যাচে খেলছেন না আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপের দীর্ঘ ও ক্লান্তিকর সূচির পর তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্টার মিয়ামি ও এমএলএস কর্তৃপক্ষ।
শনিবার এমএলএস আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, শারিরীক ধকল কাটাতেই অলস্টার ম্যাচ থেকে নাম সরিয়ে নিয়েছেে মেসি। একই কারণে ইন্টার মিয়ামির মিডফিল্ডার রদ্রিগো ডি পলও খেলবেন না। এছাড়া শিকাগো ফায়ারের হুগো কুইপার্স এবং এমবেকেজেলি এমবোকাজিও বিভিন্ন কারণে ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন।
এর ফলে অলস্টার দলে নতুন করে জায়গা পেয়েছেন ইন্টার মিয়ামির ইয়ানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের আন্দ্রেস কুবাস, হিউস্টন ডায়নামোর গিলহার্মে এবং শিকাগো ফায়ারের ফিলিপ জিঙ্কারনাগেল।
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মেসি। তবে ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আলবিসেলেস্তেরা। টুর্নামেন্ট শেষে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় মেসি লিখেছিলেন, এই ক্ষত সারতে সময় লাগবে। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, বিশ্বকাপের পর কিছুদিন বিশ্রামে থাকবেন তিনি ও রদ্রিগো ডি পল।
বিশ্বকাপের ব্যস্ত সূচির কারণে মেসি ইতোমধ্যেই ইন্টার মিয়ামির কয়েকটি ম্যাচ থেকেও বাইরে রয়েছেন। অলস্টার ম্যাচ থেকেও সরে দাঁড়ানো সেই বিশ্রাম পরিকল্পনারই অংশ বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আগামী ২৯ জুলাই নর্থ ক্যারোলিনার শার্লটে এমএলএস অলস্টার দল মুখোমুখি হবে মেক্সিকোর লিগা এমএক্স অলস্টার দলের। তবে লিগের সবচেয়ে বড় তারকা মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে স্বাগতিকদের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-1b2b86.jpg)