সিলেটে উদ্ধার করা দুটি সাপ মৌলভীবাজারের কুলাউড়ার রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হয়েছে। অবমুক্ত করা সাপ দুটির মধ্যে একটি বার্মিজ অজগর এবং অপরটি তামাটে মাথার দুধরাজ।
বুধবার মৌলভীবাজারের কুলাউড়া রেঞ্জের গাজীপুর বিট রিজার্ভ ফরেস্টে সাপ দুটি অবমুক্ত করা হয়।
গত ৮ সেপ্টেম্বর সিলেট বন বিভাগের সহযোগিতায় এবং বন্যপ্রাণী সুরক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন 'ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ' (ডব্লিউএসআরটিবিডি)-এর সিলেট টিম সাপ দুটি উদ্ধার করে।
সিলেট বন বিভাগের সহযোগিতায় উদ্ধারকৃত সাপ দুটি নিরাপদে অবমুক্ত করার ব্যবস্থা করা হয়। পরে ডব্লিউএসআরটিবিডি-এর সিলেট টিমের প্রতিনিধি নোমান হোসাইন ও জনি সেন সাপ দুটি মৌলভীবাজারের কুলাউড়া রেঞ্জের গাজীপুর বিট রিজার্ভ ফরেস্টে নিয়ে যান।
বন বিভাগের কর্মকর্তারা জানান, উদ্ধার করা সাপ দুটি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল। তাদের প্রাকৃতিক জীবনযাপনের উপযোগী নিরাপদ পরিবেশ নিশ্চিত করে বনের নির্ধারিত স্থানে অবমুক্ত করা হয়।
অবমুক্তকরণ কার্যক্রমের সময় কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা এবং গাজীপুর বিটের স্থানীয় বন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

