সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জালানি ও খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)-এর মোবাইল কোর্টের অভিযানে ৯৪ হাজার ৩৯০ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। সোমবার দিনব্যাপী এ অভিযানে উপজেলার বনপুর, আদর্শগ্রাম, গুচ্ছগ্রাম, বিজয়পাড় ও মাঝেরগাঁওয়ের বিভিন্ন স্থান থেকে পাথরগুলো জব্দ করা হয়।
জানা যায়, প্রায় ৬ বছর আগে থেকে উৎমা এলাকায় এই পাথরগুলো স্তুপ করে বিভিন্ন বাড়ি ঘরের আশপাশে রাখা হয়েছে। উৎমা নদী ও কোয়ারি থেকে উত্তোলিত এই পাথরগুলো দীর্ঘদিন থেকে সেখানে স্তূপ আকারে রাখা ছিল।
এর আগেও এই পাথরগুলো বিজিবি কর্তৃক জব্দ করা হয়। তবে এগুলো তখন নিলামে বিক্রি করা হয়নি। সোমবার এই উত্তর রনিখাই ইউনিয়নের বনপুর, আদর্শগ্রাম, গুচ্ছগ্রাম, বিজয়পাড় ও মাঝেরগাঁওয় গ্রামের বিভিন্ন স্থান থেকে ৯৪৩৯০ ঘনফুট পাথর জব্দ করে জালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান। পরে এই জব্দ করা পাথরগুলো স্থানীয় ইউপি সদস্যগণের জিম্মায় রাখা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান জানান, উৎমা এলাকায় অবৈধভাবে উত্তোলিত এই পাথরগুলো জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সদস্যগণ সার্বিক সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পাথরগুলো নিলামের মাধ্যমে বিক্রয় করে সরকারি কোষাগারে অর্থ জমা প্রদান করা হবে বলেও জানান তিনি।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

