শরণখোলায় বাসের ধাক্কায় অটোভ্যানচালক নিহত

শরণখোলায় বাসের ধাক্কায় অটোভ্যানচালক নিহত

বাগেরহাটের শরণখোলায় হামিম পরিবহনের বাসের ধাক্কায় এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হানিফা (৫০) সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের নুরুল বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতিকালে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করার সময় হামিম পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অটোভ্যান, একটি ইজিবাইকসহ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানের চালক আবু হানিফাসহ কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু হানিফাকে মৃত ঘোষণা করেন।

আহত হানিফ (৪২), মো. হাফিজ (৪০), সুরমা (৩৫) ও তানভীরকে (১৩) প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী অটোচালক সোহেল বলেন, বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য রায়েন্দা বাসস্ট্যান্ডের ঢাল থেকে নামার সময় তারা ব্রিজের ওপর উঠছিলেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অটোভ্যানকে চাপা দেয়। তার অটোও বাসের সঙ্গে চাপা লাগলে তিনি লাফ দিয়ে নেমে যান। তার ভাষ্য, বাসটি একে একে তিনটি যানবাহনকে চাপা দেয়। দুর্ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনেরা হাসপাতালে ছুটে আসেন। এ সময় সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

শরণখোলা থানার ওসি রোকেয়া খাতুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন