দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৪ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ২২৮ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ৮৬ শিশুর হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩২৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ শিশু। বাকি ১ হাজার ২১৮ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো হামবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৭ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৭৯৭ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২৫ হাজার ৬২৮ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৪২৫।
এ ছাড়া হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৪ হাজার ৮০ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১৫ হাজার ৬৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে ২ জন করে এবং চট্টগ্রাম বিভাগে ১ জন রয়েছে। একই সময়ে বিভাগগুলোর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৫৬ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


