কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার গয়ালমারা ও হারবাং স্টেশন সংলগ্ন সাইফা কমিউনিটি সেন্টারের সামনে পৃথক দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহতেরা হলেন—চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদাহা ইউনিয়নের মৃত আবুল খায়েরের ছেলে মাহবুবুর রহমান (৬২) এবং চকরিয়া উপজেলার ভান্ডারীর ডেবা এলাকার মোহাম্মদ বোরহান উদ্দিনের দুই মাস বয়সী শিশুপুত্র আরহাম ইসলাম।
এ সময় ফাহমিদা ইয়াছমিন লাকী, উর্মি আক্তার, আরশী জান্নাত ও জাফর আলম নামের চারজন গুরুতর আহত হন। তাদের প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট জাকিবুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
চিরিংগা হাইওয়ে থানা-পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং গয়ালমারা এলাকায় একটি বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী মাহবুবুর রহমান।
এ ছাড়া এদিন দুপুর সোয়া ১২টার দিকে একই মহাসড়কের হারবাং স্টেশন সংলগ্ন সাইফা কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী সেনাবাহিনীর একটি ডাবল কেবিন গাড়ি বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে গিয়ে ওই গাড়িতে থাকা চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু আরহাম ইসলামকে মৃত ঘোষণা করেন।
চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট জাকিবুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

