হবিগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় জিরা জব্দ, আটক ৩

হবিগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় জিরা জব্দ, আটক ৩

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা ভর্তি একটি হলুদ রঙের ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকে থাকা তিনজনকে আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরে একজন পালিয়ে গেছে।

বিজ্ঞাপন

শনিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে মাধবপুর উপজেলার শাহজিবাজারে ঢাকা-সিলেট মহাসড়কে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে ঢাকাগামী একটি হলুদ রঙের একটি ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাক থেকে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ১০৩ বস্তায় জিরা জব্দ করা হয়। এতে মোট ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা রয়েছে।

আটককৃতরা হলেন ট্রাকচালক মুজাহিদ (২৪), জোবায়ের (১৮) ও মারুফ আহমদ (১৯)। এ ঘটনায় শুভ্র দাশ (৪৫) নামে আরো একজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করেছে পুলিশ।

পুলিশের দাবি, উদ্ধার করা জিরার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। জিরা ও পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সুখেন্দ্র চন্দ্র সরকার বাদী হয়ে আটক তিনজন ও পলাতক একজনের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন