ভোলায় ককটেল ফাটিয়ে আলীনগর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এসময় তারা অনেকগুলো ব্যালট পেপারে সীল দিয়েছে। সীল দেয়া ব্যালট পেপারের মধ্যে বিএনপি জোট প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ'র গরুর গাড়ি মার্কার সীল রয়েছে। এ সময় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পরলে ভোট গ্রহণ বন্ধ থাকে। দেড় ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয় বিকেল সাড়ে তিনটায়।
ভোলা সদর উপজেলার আলীনগর স্কুল এন্ড কলেজের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার জানান, দুপুরের দিকে হঠাৎ ৬০-৭০ জনের একটি দল ককটেল বিস্ফোরণ করে কেন্দ্রের মধ্যে ঢুকে পরে। কিছু বুঝে ওঠার আগেই তারা কেন্দ্রের ভিতর ঢুকে অনেকগুলো ব্যালট পেপারের সীলমারে এবং কিছু ব্যালট পেপার মুড়িসহ নিয়ে যায়। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা আসার আগেই সন্ত্রাসী বাহিনী ছিটকেপরে। পরে আমরা সেখান থেকে ৭৬টি ব্যালট পেপার এলোমেলো সিল মারা অবস্থায় উদ্ধার করি এবং ৫৬ টি পেপার তারা মুরিসসহ নিয়ে যায়। সীল মারা ব্যালট পেপারের মধ্যে দুই একটি ছাড়া সবগুলোতেই বিএনপি জোট প্রার্থী বিজেপি'র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ'র গরুর গাড়ির মার্কায় সীল দেয়া ছিল। প্রশাসনের সিদ্ধান্তের আলোকে ছিনতাই হওয়া ও সীল মারা মোট ১৩২টি ব্যালট পেপার বাতিল করা হয়।
বিকাল সাড়ে তিনটার দিকে পুনরায় ভোট গ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি ছিল একেবারেই নগণ্য।
এ সময় ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, একটি মহল বোমা ফাটিয়ে ব্যালট পেপার ছিনতাই করেছে এবং সীল দিয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আমরা আপত্তিকর ব্যালট পেপার গুলো বাতিল করে দিয়েছি। এখন পুনরায় আবার ভোট গ্রহণ চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

