চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, সড়ক অবরোধ


চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, সড়ক অবরোধ

চাঁদপুরের শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের সঙ্গে সাইকেলের ধাক্কায় ফয়সাল (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় সাড়ে তিন ঘণ্টা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

শনিবার সকালে উপজেলার রাঢ়া কাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল উপজেলার আজাগরা গ্রামের মোল্লা বাড়ির করিম মোল্লার ছেলে। তিনি উয়ারুক বাজারের স্বপ্ন সুপারশপে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় রাঢ়া কাজী বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উয়ারুক বাজারের মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়। তবে কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফয়সালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী ও চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বেলা সাড়ে ১১টা নাগাদ অবরোধ তুলে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন