সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য এবং দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা করা হয়।

উপজেলার সরাইল সরকারি কলেজ, অরুয়াইল কলেজ, শাহবাজপুর হাইস্কুল, কুট্টাপাড়া হাইস্কুল, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, কালিকচ্ছ পাঠশালা, চুন্টা এসি একাডেমি, পাকশিমুল হাইস্কুল, অরুয়াইল হাইস্কুল ও পানিশ্বর হাইস্কুলসহ বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এসব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে দিবসটি উপজেলা প্রশাসনের উদ্যোগেও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরা হয়।

অন্যদিকে দিবসটি উপলক্ষে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বিশাল শোভাযাত্রা ও মিছিল বের করা হয়। বিকেল সাড়ে ৪টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। এতে বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিলের অগ্রভাগে কয়েক শতাধিক মোটরসাইকেল এবং পেছনে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে শোভাযাত্রাটি ঢাকঢোল বাজিয়ে সরাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন