বরিশালে জমি নিয়ে বিরোধে মামার হাতে ভাগ্নে খুন

বরিশালে জমি নিয়ে বিরোধে মামার হাতে ভাগ্নে খুন

বরিশাল নগরীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন মামার হাতে খুন হয়েছেন ভাগ্নে কামরুল রাঢ়ী (৫০)। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কাউনিয়া এলাকার পুরানপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে নিহতের মামা, মামী ও এক মামাতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে কামরুল রাঢ়ীর সঙ্গে তাঁর মামা আনোয়ার হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার বাগবিতণ্ডা ও মারামারির ঘটনাও ঘটে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পুরানপাড়া ছোট বটতলা এলাকায় নিজের জমিতে কাজ করছিলেন কামরুল। এ সময় তাঁর মামা আনোয়ার হাওলাদার, মামাতো ভাই সুরুজ হাওলাদার ও মিরাজ হাওলাদার এবং মামী খাদিজাসহ ৫ থেকে ৭ জন সেখানে গিয়ে তাঁকে কাজে বাধা দেন। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে কামরুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মনিরুজ্জামান জানান, জমিজমা নিয়ে তাঁদের পরিবারের সঙ্গে মামা আনোয়ার হাওলাদারের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরেই আনোয়ার হাওলাদার, তাঁর দুই ছেলে ও স্ত্রীসহ কয়েকজন মিলে কামরুলকে কুপিয়ে হত্যা করেছেন।

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম আমার দেশকে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন, নিহতের মামী খাদিজা ও মামাতো ভাই মিরাজকে গ্রেপ্তার করেছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

Ñএমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন