চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ এলাকায় নিজ বাসা থেকে ছন্দা শর্মা (৩৬) ওরফে কান্তা শর্মা নামে এক কলেজ শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নগরের খুলশী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মঙ্গলবার সকালে খুলশী থানাধীন দক্ষিণ খুলশী এলাকার ২৯ নম্বর বাসার আবদ্ধ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ছন্দা শর্মা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।
পুলিশ জানায়, সোমবার রাতে বেডরুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন তিনি। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা তদন্ত করা হচ্ছে। ঘটনার সময় তিনি ছাড়া বাসায় অন্য কেউ ছিলেন না।
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রেজা খান হেলালী জানান, ছন্দা শর্মা ৩৫তম বিসিএসের (শিক্ষা) কর্মকর্তা। চাকরি জীবনের শুরুতে সুনামগঞ্জে যোগদান করলেও ২০২২ সালে তিনি চট্টগ্রামে বদলি হয়ে আসেন। সোমবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত তিনি ডিগ্রি ও বিভিন্ন ইনকোর্স পরীক্ষার দায়িত্ব পালন করেছিলেন। সব সময় হাস্যোজ্জ্বল থাকা ছন্দা শিক্ষকতার পাশাপাশি একজন সংগীতশিল্পী ও লেখক ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে হলেও শ্বশুরবাড়ি সুনামগঞ্জে এবং স্বামী বর্তমানে মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় কর্মরত।
খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, ‘ছন্দা শর্মা নামে এক শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়েছে। তার গ্রামের বাড়ি জেলার সাতকানিয়ায়। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনার সময় বাসায় তিনি একা ছিলেন।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

