সৌদির রাজধানীতে হুথিদের হামলা, আহত ১১

সৌদির রাজধানীতে হুথিদের হামলা, আহত ১১
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশচুম্বী এক ভবনে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজন সৌদি নাগরিক এবং নয়জন বিদেশি নাগরিক। মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, রিয়াদের আর্থিক জেলার একটি ভবনে অজ্ঞাত বস্তু আঘাত হানলে ১১ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ভারতের দুজন, নেপালের তিনজন ও মিসরের চারজন নাগরিক রয়েছেন। বাকি দুজন সৌদি নাগরিক।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ আরো জানায়, খবর পাওয়ার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। বেসামরিক নাগরিকদের জীবন ও সম্পদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মঙ্গলবারের হামলাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন। কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানান তিনি। ঘটনাস্থলে তদন্ত চলছে বলেও উল্লেখ করেন ওই মুখপাত্র।

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে রিয়াদের আর্থিক জেলায় এটি দ্বিতীয় হামলা। এর আগে রিয়াদে আরেকটি হামলায় সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়। ভবনটি দেশটির সবচেয়ে উঁচু আকাশচুম্বী স্থাপনা। ওই হামলায় ভবনটির ‘বস্তুগত ক্ষয়ক্ষতি’ হয়।

তবে মঙ্গলবারের হামলায় কোন ভবনটি আক্রান্ত হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানায়নি সৌদি নেতৃত্বাধীন জোট। অবশ্য তিনজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলার লক্ষ্য ছিল পিআইএফের আকাশচুম্বী ভবনটি।

বার্তা সংস্থা এএফপিকে আরেক প্রত্যক্ষদর্শী জানান, হামলার আগে এলাকায় মাইকযুক্ত একটি গাড়ি থেকে পথচারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

তবে সাম্প্রতিক হামলাগুলোর সময় রাজধানীতে সম্ভাব্য হামলার বিষয়ে মুঠোফোনে সতর্কবার্তা পাঠানো হলেও মঙ্গলবার তেমন কোনো সতর্কবার্তা পাঠানো হয়নি।

সূত্র: আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...